ad
ad

Breaking News

UP Voters

উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৮৪ লক্ষের বেশি ভোটার বৃদ্ধি

পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলির ৫ লক্ষ ৮২ হাজার ৮৭৭ জন বুথ-স্তরের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররাও ব্যাপক সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

up-voters-surge-2026

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বাংলার উল্টো ছবি এবার উত্তরপ্রদেশে। শুক্রবার প্রকাশিত হল উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজ্যে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, উত্তরপ্রদেশে নতুন করে ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ জন ভোটার যুক্ত হয়েছেন। ফলে রাজ্যের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। লোক ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানান, গত ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ এপ্রিল পর্যন্ত ১৬৬ দিন ধরে রাজ্যজুড়ে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলেছে। রাজ্যের ৭৫ জেলা, ৪০৩ বিধানসভা কেন্দ্র এবং সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত ছিল।

নবদীপ রিনওয়া জানান, এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে ৭৫ জন জেলা নির্বাচনী আধিকারিক, ৪০৩ জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক, ১২,৭৫৮ জন সহকারী ইআরও, ১৮,০২৬ জন বিএলও সুপারভাইজার এবং ১,৭৭,৫১৬ জন বুথ-স্তরের আধিকারিকদের সমন্বিত প্রচেষ্টায়। পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলির ৫ লক্ষ ৮২ হাজার ৮৭৭ জন বুথ-স্তরের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররাও ব্যাপক সহযোগিতা করেছেন বলে জানান তিনি। রিনওয়া বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে মুদ্রণ, বৈদ্যুতিন ও ডিজিটাল সংবাদমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ২০২৬ সালের ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬.৮৮ কোটি,  মহিলা ভোটার ৫.৬৭ কোটি, তৃতীয় লিঙ্গের ভোটার ৪,১১৯ জন। তখন ১৮-১৯ বছর বয়সী ভোটার ছিলেন মাত্র ৩ লক্ষ ৩৩ হাজার ৯৮১ জন। সেই সময় লিঙ্গ অনুপাত ছিল প্রতি ১,০০০ পুরুষ ভোটারের তুলনায় ৮২৪ জন মহিলা ভোটার।

অন্যদিকে, ১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭১ জন (প্রায় ৫৪ শতাংশ)।  মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটি ৯ লক্ষ ৯ হাজার ৫২৫ জন (৪৫.৪৬ শতাংশ)। তৃতীয় লিঙ্গের ভোটার ৪,২০৬ জন। চূড়ান্ত তালিকায় ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০ জনে, যা মোট ভোটারের ১.৩২ শতাংশ। লিঙ্গ অনুপাতও উন্নত হয়ে ৮২৪ থেকে বেড়ে ৮৩৪ হয়েছে। জেলাগুলির মধ্যে ভোটার বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে রয়েছে প্রয়াগরাজ, যেখানে ভোটার সংখ্যা বেড়েছে ৩ লক্ষ ২৯ হাজার ৪২১ জন। এরপর রয়েছে  লখনউ (২ লক্ষ ৮৫ হাজার ৯৬১), বরেলি (২ লক্ষ ৫৭ হাজার), গাজিয়াবাদ (২ লক্ষ ৪৩ হাজার ৬৬৬), জৌনপুর (২ লক্ষ ৩৭ হাজার ৫৯০)। প্রসঙ্গত, চলতি বছরের শেষেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। তার আগে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন সম্পন্ন হল।