চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: পাক সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই ফের বড়সড় হামলা চালাল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বৃহস্পতিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পুলিশের টহলদার গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সূত্রের খবর, ঘটনায় চার পুলিশকর্মী-সহ ন’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।যদিও প্রাদেশিক পুলিশ বা সেনার তরফে এখনও সরকারি ভাবে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। প্রাথমিক ভাবে ন’জন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছিল। পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সঈদ পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-কে জানিয়েছেন, টহলদারি দলকে নিশানা করেই আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে সন্দেহভাজন টিটিপি জঙ্গিরা।(TTP Attack)
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে টিটিপি ও বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পাক সেনা। তাদের দাবি, ইতিমধ্যেই দুই সংগঠনের শতাধিক নেতা-কর্মী নিহত হয়েছে।পাক সরকার ও সেনা টিটিপি-কে ‘ফিতনা আল খোয়ারিজ’ এবং বালোচ বিদ্রোহীদের ‘ফিতনা আল হিন্দুস্তান’ বলে চিহ্নিত করেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালিবানের একাংশ এবং ভারতের মদতেই সক্রিয় রয়েছে এই দুই সংগঠন।(TTP Attack)
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি-র সঙ্গে শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই খাইবার পাখতুনখোয়ায় অশান্তি বেড়েছে। গত বছর তালিবানশাসিত আফগানিস্তানে জঙ্গি ডেরায় বিমানহানার দাবি করেছিল পাকিস্তান। যদিও পাল্টা অভিযোগে কাবুল জানিয়েছিল, সেই হামলায় জঙ্গি নয়, সাধারণ গ্রামবাসীরাই নিহত হয়েছেন।(TTP Attack)