চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের আত্মহত্যা রোধ ও তাঁদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য যে গাইডলাইন সুপ্রিম কোর্ট জারি করেছিল। তা আদৌ কার্যকর হয়েছে কি না, এবার তা খতিয়ে দেখতে চলেছে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আট সপ্তাহের মধ্যে গাইডলাইন বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
[আরও পড়ুন: স্মার্টগ্লাসের সাহায্যে ইউপিআই পেমেন্ট! জানুন বিস্তারিত]
শীর্ষ আদালতের এই পদক্ষেপের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের এক ছাত্রীর অন্ধ্রপ্রদেশে রহস্যজনক মৃত্যুর ঘটনা। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে বিশাখাপত্তনমের একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন ওই ছাত্রী। ২০২৩ সালে হস্টেলের চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, পুলিশ পক্ষপাতদুষ্টভাবে তদন্ত চালিয়েছে। এই নিয়ে মামলা গড়ায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court)।
গত জুলাই মাসে ওই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য আত্মহত্যা রোধে ১৫ দফা গাইডলাইন প্রকাশ করে। ওই নির্দেশে বলা হয়েছিল, যত দ্রুত সম্ভব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ওই গাইডলাইন বাস্তবায়ন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও পরিকাঠামোগত উদ্যোগ এখন সময়ের দাবি।‘ তাই আদালত জানতে চায়, সেই নির্দেশনামা অনুযায়ী কোথায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে।সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারকে আদালত আট সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। আগামী জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে (Supreme Court)।