চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। অপরাধমূলক কার্যকলাপ রুখতে বিভিন্ন জেলায় জোরদার করা হয়েছে নাকা চেকিং ও বিশেষ অভিযান। এরই মধ্যে নদিয়া জেলায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে সঞ্জয় সিকদার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ এবং গোলাবারুদ উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। কেন এবং কী উদ্দেশ্যে তার কাছে আগ্নেয়াস্ত্র মজুত ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তার কাছে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে—এমন তথ্য আগে থেকেই পুলিশের কাছে ছিল। সেই সূত্র ধরেই এই অভিযান চালানো হয় এবং সাফল্য মেলে।উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার বিভিন্ন এলাকায় চলছে কড়া নজরদারি। নির্বাচন যত এগিয়ে আসবে, ততই পুলিশের এই সক্রিয়তা আরও বাড়বে বলে প্রশাসন সূত্রে খবর।