চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: চাঁদের ওপরের স্তরে শুধু ধুলো আর মাটির আস্তরণ নেই। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, চাঁদের ওপরের স্তরে রয়েছে কেকের মতো দুটি স্তর ৷ চাঁদের উপরিভাগ নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছে ISRO। গবেষণাপত্রে বলা হয়েছে, চাঁদের ওপরের স্তরটি মাত্র কয়েক সেন্টিমিটার পুরু৷ সেটি কেকের মতো। ওপরের স্তরে রয়েছে সামান্য কঠিন ধুলো জাতীয় পদার্থ। এর ওপরে উল্কা পিণ্ড বারবার আঘাত করায় সামান্য ক্ষতবিক্ষত ও চূর্ণবিচূর্ণ হয়েছে।
ইসরোর ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা গবেষণা চালান। ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি চাঁদে নেমেছিল সেখানে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন। গবেষণাপত্রে বলা হয়েছে, ল্যান্ডারের ইঞ্জিনগুলো চাঁদে নামার জন্য যখন তৈরি হচ্ছিল সেসময় ওই ল্যান্ডার থেকে বিপুল পরিমাণ গ্যাস বের হতে শুরু করে।
এর ফলে ওপরের স্তরের ধুলো জাতীয় পদার্থ সরে যায়। নীচে থাকা পুরোনো আর ঘন, কঠিন পদার্থ প্রকাশ্যে চলে আসে। ভূপৃষ্ঠের ধূলিকণা হালকা হলেও, মাত্র সাড়ে ৬ সেন্টিমিটার গভীরে তা দ্বিগুণ ঘন আর ৫ গুণ বেশি আঠালো। এর উপরিভাগে হাঁটতে সুবিধা হলেও কয়েক সেন্টিমিটার ভিতরে গেলেই তা ভেজা শক্ত কাদামাটির মতো হয়ে যায়।