Bangla Jago Desk: দীর্ঘ আলোচনা ও সংঘাতের পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়কে উজ্জ্বল ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ের খুব কাছে পৌঁছে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হবে।
ট্রাম্প আরও বলেন, সার্জিও গোরেকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে। সোমবার ওভাল অফিসে রাষ্ট্রদূতের শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি, যা আগের চুক্তির তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এই মুহূর্তে হয়তো তারা আমাদের ভালোবাসে না, তবে ভবিষ্যতে আবার ভালোবাসবে।” তিনি উল্লেখ করেন, আগের চুক্তি অন্যায্য ছিল, কিন্তু এবার একটি ন্যায্য চুক্তি হবে। ট্রাম্প মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে লক্ষ্য করে বলেন, “আমরা এমন একটি চুক্তির খুব কাছে পৌঁছেছি যা সবার জন্য উপকার হবে।”
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের উপর চাপ তৈরি হয়েছিল। তবে ভারত আমাদের আবেদন মেনে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে। তাই আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে বাড়তি শুল্কও কমানো হবে।”
এর আগে ৫ নভেম্বর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেকদূর অগ্রসর হয়েছে। তবে কিছু সংবেদনশীল বিষয় রয়েছে, যা নিয়ে বিস্তারিত আলোচনা চলমান। সব মিলিয়ে, দীর্ঘ সংঘাতের পর বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক বার্তা এসেছে ট্রাম্পের পক্ষ থেকেও।



