Bangla Jago TV Desk : রাশিয়ার সঙ্গে সীমান্তের পারাপারের সব জায়গা বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। হেলসিঙ্কির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ফিনল্যান্ডের ভূখণ্ডে অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে মস্কো অব্যাহতভাবে সহায়তা করে আসছে। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যকার সীমান্ত দিয়ে ফিনল্যান্ডে ঢোকা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা অনেক বেড়েছে। এ পটভূমিতে চলতি মাসে স্থলপথে সীমান্তের আটটি পারাপারের জায়গার মধ্যে সাতটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফিনল্যান্ড সরকার জানিয়েছে, একমাত্র চালু থাকা আর্কটিক অঞ্চলে অবস্থিত রাজা-জোসেপ্পি সীমান্ত পারাপারের জায়গাটিও বন্ধ করে দেওয়া হবে।
আপাতত দুই সপ্তাহের জন্য এই পারাপারের জায়গা বন্ধ রাখা হবে। তবে চালু রাখা হবে পণ্য পরিবহনের জন্য শুধু একটি রেলক্রসিং। এ মাসে রাশিয়া থেকে ফিনল্যান্ডে প্রায় ৯০০ অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন। ফিনল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিবাসনপ্রত্যাশী মরক্কো, পাকিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক। অভিবাসনপ্রত্যাশীরা জল ও আকাশপথেও তাদের দেশে আসছেন বলে জানিয়েছে ফিনল্যান্ডের সরকার। এক বিবৃতিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বলেন, অভিবাসনপ্রত্যাশীদের এই ঢল বন্ধ করতে হেলসিঙ্কি বদ্ধপরিকর। পেটেরি অর্পো অভিযোগ করে বলেন, অভিবাসনপ্রত্যাশীদের ফিনল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে মস্কো। এর মধ্য দিয়ে রাশিয়া ‘প্রভাব বিস্তারের অভিযানে’ নেমেছে।
এটাকে একধরনের ‘হাইব্রিড আক্রমণ’ বলে অভিহিত করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ২০২২ সালে রুশ ফৌজের ইউক্রেনে হানার পরেই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোয় যোগ গিতে তৎপর হয়েছিল ফিনল্যান্ড। তারই তার জেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের মস্কো-হেলসিঙ্কি সামরিক সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়। গত বছর একাধিক বার রুশ যুদ্ধবিমান ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের সীমান্ত বন্ধের উদ্যোগ রাশিয়ার সঙ্গে বিবাদকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ফিনল্যান্ডের সঙ্গে প্রায় ১২৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। অতীতে দু’দেশের একাধিক বার যুদ্ধও হয়েছে।
FREE ACCESS