চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বৃহস্পতিবার গোটা বিহার রণক্ষেত্রের চেহারা নেয় চলতি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আজ ছিল প্রথম দফার ভোট। বলা ভালো, বৃহস্পতিবার হেভিওয়েট প্রার্থীদের কাছে বড় পরীক্ষা। এমন পরিস্থিতিতে ঘটলো এক চাঞ্চল্যকর কান্ড। এদিন দুপুরে নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই কনভয় হামলার শিকার হন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তথা বিজেপি প্রার্থী, বিজয় কুমার সিনহা। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর ও জুতো বলে অভিযোগ।
জানা গিয়েছে, গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার পাশাপাশি ‘খুনি’…’মুর্দাবাদ’ স্লোগান পর্যন্ত তোলা হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। আরজেডির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে। বিজয় কুমার সিনহার বক্তব্য, এই ঘটনায় হাত রয়েছে আরজেডির গুন্ডাদের। তিনি বলেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে ক্ষমতায় আসছে এনডিএ। তাই ওরা গুন্ডামি করছে।”
অন্যদিকে, তেজস্বী যাদবের দল শাসক শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, ইচ্ছাকৃত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে কয়েকটি বুথে, যা দলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় শেষবেলায় এসে এই ধরনের হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় চলছে বিহার রাজনীতিতে। রাজনৈতিক মহলেও এই নিয়ে চলছে জোর আলোচনা। এমনিতেই ভোট শুরুর আগে থেকে বিভিন্ন বিষয়ে উত্তপ্ত ছিল বিহারের রাজনীতি, তার ওপর এই জাতীয় ঘটনা আরও পরিস্থিতি খারাপ করে তুলেছে। সেক্ষেত্রে দেখার যে জল শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়। পরবর্তী দফার ভোটের আগে এর কোনও প্রভাব পড়ে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন।