চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নদিয়ার তাহেরপুরে শুক্রবার অনুষ্ঠিত সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং ইডিকে একযোগে আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে, আর ইডি বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা করছে।’ তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখানোর জন্য ইডি ব্যবহার করা হচ্ছে।
অভিষেক বলেন, সম্প্রতি আইপ্যাকের সল্টলেক অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা বাংলার রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। তিনি কমিশন ও ইডি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, বলেন, ‘বিজেপিকে ১০-০ গোলে হারিয়ে দেব।’
সভায় তিনি রাজ্যের বিভিন্ন নির্বাচনী প্রসঙ্গও তুলে ধরেন। রাজ্যের কিছু এলাকায় মহিলা ভোটারদের ঘরে বন্দি রাখার অভিযোগ তুলে অভিষেক বলেন, ‘কে কাকে বন্দি করে, ভোটবাক্স খোলার পর দেখা যাবে।’ তিনি নদিয়ার ১৭টি বিধানসভা কেন্দ্রে জয়ের লক্ষ্যমাত্রাও ঠিক করে দেন। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে অভিষেক দাবি করেন, ‘হয় নিঃশর্ত নাগরিকত্ব দাও, নয়তো মোদী গদি ছাড়ো। দূর হটো।’
তিনি সরাসরি বিজেপিকে বিতর্কে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ১১ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা ১৫ বছরের রিপোর্ট কার্ড দেখাব। কোথায় বসবেন, ঠিক করুন।’ পাশাপাশি ভোটারদের অবৈধ ঘোষণা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ হবেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অভিষেক।