চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মা—এই দুই নাম মানেই আলাদা উন্মাদনা। আর সেই উন্মাদনারই প্রমাণ মিলল নতুন বছরের শুরুতেই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার মাত্র ৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের নিউ জিল্যান্ড সফর। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে বরোদায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর খেলা হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১ জানুয়ারি বুকমাইশো-র প্ল্যাটফর্মে অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই সমর্থকদের হুড়োহুড়ি পড়ে যায় এবং মিনিটের মধ্যেই সমস্ত অনলাইন টিকিট সোল্ড আউট হয়ে যায়।
তবে যাঁরা অনলাইনে টিকিট পাননি, তাঁদের জন্য এখনও আশা রয়েছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, অফলাইনে টিকিট বিক্রি বাকি রয়েছে। নির্দিষ্ট কাউন্টার থেকে সেই টিকিট পাওয়া যাবে, যদিও বিক্রির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। ২০২৪ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। ফলে আইপিএল বাদ দিলে দেশের জার্সিতে তাঁদের দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকটি ম্যাচেই। সেই কারণেই প্রতিটি ওয়ানডে ম্যাচ সমর্থকদের কাছে হয়ে উঠছে বিশেষ আকর্ষণের।
এই দৃশ্য নতুন নয়। বিজয় হাজারে ট্রফিতেও একই ছবি দেখা গিয়েছিল। বিরাট কোহলির ম্যাচে দর্শক প্রবেশ সীমিত থাকলেও, রোহিত শর্মাকে এক ঝলক দেখার জন্য মাঠের বাইরে বিপুল ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা।নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে ৩ জানুয়ারি। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলেও, পরবর্তী সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে জয় পায় টিম ইন্ডিয়া। নতুন বছরে প্রথম আন্তর্জাতিক সিরিজে রোহিত-বিরাট জুটিকে মাঠে দেখার অপেক্ষায় এখন অধীর ক্রিকেটপ্রেমীরা।