ad
ad

Breaking News

Virat Kohli

স্বপ্ন সত্যি! আউট করে মিলল বড় উপহার, কোহলির সই করা বল এখন গুজরাটের স্পিনারের হাতে

উইকেট নেওয়ার পর বিশালের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সতীর্থরাও তাঁকে ঘিরে ধরে উদ্‌যাপন করেন।

Virat Kohli Gifts Signed Ball to Spinner Vishal Jaiswal After Wicket

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: একটি উইকেটই বদলে দিল কেরিয়ারের গতিপথ। বিজয় হজারে ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলিকে আউট করে রাতারাতি আলোচনায় উঠে এলেন গুজরাটের অনামী স্পিনার বিশাল জয়সওয়াল। শুধু বড় তারকার উইকেটই নয়, ম্যাচ শেষে স্বয়ং কোহলির কাছ থেকে বিশেষ উপহারও পেলেন তিনি।দিল্লির ইনিংসে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

মাত্র ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দেখে মনে হচ্ছিল, বিজয় হজারে ট্রফিতেও পরপর দু’টি শতরানের পথে এগোচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু ৭৭ রানের মাথায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাঁহাতি স্পিনার বিশাল জয়সওয়াল। বিশালের বল খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন কোহলি। বল ব্যাটের সামনে পড়ে ঘুরে যায়। স্টাম্প আউট হয়ে ফিরে যেতে হয় কোহলিকে। উইকেট নেওয়ার পর বিশালের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সতীর্থরাও তাঁকে ঘিরে ধরে উদ্‌যাপন করেন। কারণ, বিশাল নিজেও বুঝতে পারছিলেন—এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় উইকেট।

ম্যাচ শেষে কোহলি নিজে সেই ম্যাচের বলটিতে সই করে বিশালকে উপহার দেন। দু’জন একসঙ্গে ছবিও তোলেন। বিশালের কাছে এই মুহূর্ত জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। সমাজমাধ্যমে কোহলির সঙ্গে ছবি, সই করা বল এবং আউট করার ভিডিয়ো পোস্ট করেন বিশাল। ক্যাপশনে তিনি লেখেন,যাঁকে বিশ্ব ক্রিকেট কাঁপাতে দেখেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া এবং তাঁর উইকেট নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কখনও ভাবিনি এটা সত্যি হবে। বিরাট ভাইয়ের উইকেট আমার সারা জীবন মনে থাকবে। তাঁর দেওয়া উপহারই আমার জীবনের সেরা উপহার (Virat Kohli)।

এই ম্যাচে শুধু কোহলি নন, ঋষভ পন্থ, অর্পিত রানা ও নীতীশ রানার উইকেটও নেন বিশাল। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। তাঁর স্পেলেই দিল্লি ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রানের বেশি করতে পারেনি।তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় দিল্লিই। ৪৭.৪ ওভারে ২৪৭ রানে অল আউট হয়ে যায় গুজরাট। দিল্লি জেতে ৭ রানে। ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি (Virat Kohli)।