ad
ad

Breaking News

Vijay Hazare Trophy

Vijay Hazare Trophy: প্রথম বলেই ফিরলেন রোহিত, রাজস্থানে ‘হিটম্যান’ ভক্তদের মন ভাঙল বিজয় হাজারে ট্রফিতে

রোহিতকে দেখতে ভোর থেকেই মাঠে ভিড় করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেই উন্মাদনার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলেও ব্যাট হাতে হতাশ করেন তিনি।

Vijay Hazare Trophy Rohit Sharma Virat Kohli

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা ও বিরাট কোহলির পারফরম্যান্সে স্পষ্ট ফারাক ধরা পড়ল। শুক্রবার রাজস্থানের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে উত্তরাখণ্ড ও গুজরাটের বিরুদ্ধে আলাদা ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান রোহিত শর্মা। অন্যদিকে, সেঞ্চুরি না পেলেও দুরন্ত ফর্ম ধরে রেখে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন বিরাট কোহলি।উত্তরাখণ্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে ওপেন করতে নামেন রোহিত। কিন্তু বড় শট খেলতে গিয়ে প্রথম বলেই ক্যাচ দিয়ে বসেন তিনি। গোল্ডেন ডাক করে ফিরে যান হিটম্যান। রোহিতকে দেখতে ভোর থেকেই মাঠে ভিড় করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেই উন্মাদনার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলেও ব্যাট হাতে হতাশ করেন তিনি।

অন্যদিকে, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে গুজরাটের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিরাট কোহলি। দিল্লি প্রথম দিকে উইকেট হারালেও কোহলি একাই ইনিংস টেনে নেন। মাত্র ২৯ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। ৬১ বলে ৭৭ রানের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা মারেন কোহলি। স্পিনার বিশাল জয়সওয়ালের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হন তিনি। শতরান হাতছাড়া হলেও ইনিংস জুড়ে তাঁর সাবলীল ব্যাটিং নজর কাড়ে।এর আগে বুধবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি। সেই ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৯.৭০। কোহলির দাপটে মাত্র ৩৭.৪ ওভারে ২৯৮ রান তাড়া করে জিতে নেয় দিল্লি। দ্বিতীয় ম্যাচে শতরান না এলেও ১২৬-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে বুঝিয়ে দেন, আক্রমণাত্মক ফর্মে তিনি অবিচল।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র এক দিনের ক্রিকেটে মনোযোগী কোহলি। লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিসিসিআইয়ের নির্দেশে ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছেন তিনি। বোর্ডের ছাড় অনুযায়ী দু’টি ম্যাচ খেলার কথা ছিল কোহলির, যার মধ্যে একটি ম্যাচে শতরান এবং অন্যটিতে ৭৭ রান করেছেন তিনি। এখন দেখার, বিজয় হাজারেতে তাঁকে আর কোনও ম্যাচে খেলতে দেখা যায় কি না।বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন রোহিত শর্মাও। যদিও নিচের সারির দলের বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের খেলানো কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচগুলি দুই মহাতারকার কাছেই গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ বলে মনে করছে ক্রিকেট মহল।