ad
ad

Breaking News

Vaibhav Suryavanshi

ইডেনে রাজস্থান হারতেই ডুকরে কান্না বৈভবের, সান্ত্বনা দিলেন নাইট ক্রিকেটার, Viral Video

কেকেআর জিতলেও ইডেনের মন জিতল ১৫ বছরের বৈভব!

15-Year-Old Vaibhav Suryavanshi Cries After RR Loses to KKR

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ইডেনের বাইশ গজে তখন কেকেআরের মরশুমের প্রথম জয়ের উৎসব চলছে। ঠিক সেই সময় গ্যালারির হাজার হাজার মানুষের চোখ আটকে গেল বাউন্ডারি লাইনের ধারে। দেখা গেল, রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী টুপিতে মুখ ঢেকে ডুকরে কাঁদছে। দলের হার যেন কিছুতেই মেনে নিতে পারছিল না এই কিশোর ওপেনার। আইপিএলের মেগা লড়াইয়ের মাঝেই একরত্তি ছেলের এই কান্নার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

কেকেআরের ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত সবটা রাজস্থানের দখলেই ছিল। কিন্তু শেষ চার ওভারে রিঙ্কু সিং ও অনুকূল রায়ের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ ছিনিয়ে নেয় নাইটরা। ডাগ-আউটে বসে থাকা বৈভব এই অপ্রত্যাশিত হার দেখে কান্নায় ভেঙে পড়ে। ভিডিওতে দেখা যায়, যখন বৈভবের সতীর্থরা ড্রেসিংরুমের দিকে এগোচ্ছেন, কেকেআরের ক্রিকেটার দক্ষ কামরা এগিয়ে এসে পরম মমতায় বৈভবকে সান্ত্বনা দিচ্ছেন। খেলার মাঠের এই স্পোর্টসম্যানশিপ মন জিতে নিয়েছে নেটিজেনদের।

এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে বৈভব ৪৬ রানের একটি ইনিংস খেলে। ২৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংসটি অন্যদিনের মতো বিধ্বংসী না হলেও ইডেনের দর্শকদের বিনোদনে কোনও কমতি রাখেনি। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে উঠে যাওয়ায় ফিল্ডিংয়ের সময় মাঠে থাকতে না পারা এবং দলকে হারতে দেখা, সব মিলিয়ে কিশোর মনে হতাশা দানা বাঁধে। ললিত মোদি থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা ইতিমধ্য়েই বলতে শুরু করেছেন, বৈভবই হতে চলেছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মুখ।

চলতি মরশুমে ইতিমধ্যেই ২৪৬ রান করে কমলা টুপির দৌড়ে থাকা বৈভবের জেতার তীব্র ইচ্ছে দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। জনৈক এক নেটিজেনের কথায়, “১৫ বছর বয়সে এমন দায়িত্ববোধ! ভবিষ্যতের সুপারস্টার তৈরি হচ্ছে চোখের সামনে।” অন্য একজন কেকেআর ক্রিকেটারের প্রশংসা করে লিখেছেন, “নাইট ক্রিকেটারের এই আচরণই প্রমাণ করে ক্রিকেট শুধু ব্যাটে-বলের লড়াই নয়, তার বাইরেও অনেক বড় কিছু।” ইডেনের হার বৈভবের চোখে জল আনলেও, সেই চোখের জলই বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেটে এক নতুন ‘ক্ষুদে সিংহে’র উদয় হয়েছে।