ad
ad

Breaking News

Vaibhav Suryavanshi

১৫ বলে ৫০ রান! মাত্র ১৪ বছরেই ভাঙল ঋষভ পন্তের রেকর্ড বৈভব

ম্যাচের দিকে তাকালে, টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়।

vaibhav-suryavanshi-breaks-rishabh-pant-record

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মাত্র ১৪ বছর বয়সেই ঋষভ পন্তের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। যুব ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরানের নতুন নজির গড়লেন তিনি। বেনোনির উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে এই কীর্তি গড়েন বৈভব। দলের অধিনায়ক আয়ুষ মাহাট্রে না থাকায় নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিয়েই ব্যাট হাতে বিধ্বংসী রূপ নেন বৈভব। মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করে ভেঙে দেন ঋষভ পন্তের রেকর্ড। এতদিন যুব ওয়ানডেতে ভারতের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল পন্তের । বৈভব শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হন। তাঁর এই ঝোড়ো ইনিংসে ছিল ১০টি ছয় এবং মাত্র একটি চার। অর্থাৎ ৬৮ রানের মধ্যে ৬৪ রানই আসে বাউন্ডারি থেকে—যা তাঁর আগ্রাসী মানসিকতারই প্রমাণ।

ম্যাচের দিকে তাকালে, টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টির কারণে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১৭৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ৪.১ ওভারেই দু’জনে মিলে দলের রান পৌঁছে যায় ৫০-এ। অ্যারন জর্জ ১৯ বলে ২০ রান করে আউট হন। তখন ভারতের স্কোর ছিল ৬.১ ওভারে ৬৭/১।এরপরও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যান বৈভব। ৮.১ ওভারে মাইকেল ক্রুইস্ক্যাম্পের বলে আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ১০৩/২। ম্যাচ তখন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে।এরপর আর কোনও বিপদ হতে দেননি ভেদান্ত ত্রিবেদী ও অভিজ্ঞান কুণ্ডু। ত্রিবেদী ৩১ রানে এবং কুণ্ডু ৪৮ রানে অপরাজিত থেকে দলকে সহজেই জিতিয়ে দেন।দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ক্রুইস্ক্যাম্পই ছিলেন সবচেয়ে সফল বোলার।

তিনি ৬ ওভারে ২৩ রান দিয়ে ভারতের দুই উইকেট নেন।এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে একমাত্র উজ্জ্বল নাম ছিলেন জেসন রাউলস। তিনি ১১৩ বলে ১১৪ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ড্যানিয়েল বোসম্যানের (৩১) সঙ্গে তাঁর ৯৭ রানের জুটি ছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তেমন জমেনি।ভারতের হয়ে বল হাতে সেরা পারফরম্যান্স করেন কিশান সিং—৮.৩ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট। আর এস অম্বরীশ নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন কণিষ্ক চৌহান ও খিলান প্যাটেল।মাত্র ১৪ বছর বয়সেই রেকর্ড বইয়ে নাম তুলে বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন—ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল, তার ঝলক ইতিমধ্যেই দেখা যাচ্ছে।