ad
ad

Breaking News

Vaibhav Sooryavanshi

বৈভবের ব্যাটেই ছারখার আইপিএল! একাই জিতলেন ৫টি মেগা অ্যাওয়ার্ড ও লাখ লাখ টাকা

আইপিএলে বৈভব-ঝড়! এক সিজনে ৫টি মেগা পুরস্কার ও ৫৫ লক্ষ টাকা পকেটে পুরে ইতিহাস ১৫ বছরের ‘বিস্ময় বালক’-এর

Vaibhav Sooryavanshi IPL 2026 Records Awards Prize Money

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাস সাধারণত Distributed Glory বা ‘ভাগাভাগির মহিমা’র ওপর ভিত্তি করেই লেখা হয়। একজন ব্যাটার অরেঞ্জ ক্যাপ পান, তো অন্য বোলার পান পার্পল ক্যাপ। আর কেউ একজন ছিনিয়ে নেন টুর্নামেন্টের সেরা বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (MVP) খেতাব। কিন্তু আইপিএল ২০২৬-এর মেগা ফাইনালের শেষে মঞ্চে তৈরি হলো এক অভূতপূর্ব দৃশ্য, যা আইপিএলের সমস্ত চেনা চিত্রনাট্য বদলে দিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর একাই পাঁচ-পাঁচবার ট্রফি হাতে হেঁটে গেলেন এবং পকেটে পুরলেন ৫৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ও একটি ব্র্যান্ড নিউ ‘টাটা সিয়েরা’ (Tata Sierra) গাড়ি। তিনি আর কেউ নন, রাজস্থান রয়্যালসের বিহারের বাঁ-হাতি ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

২৩৭ স্ট্রাইক রেটে বিস্ফোরক ব্যাটিং!

পুরস্কারের তালিকায় প্রথম ও সবচেয়ে আকর্ষণীয় ছিল ‘অরেঞ্জ ক্যাপ’ (Orange Cap)। পুরো সিজনে বৈভব সূর্যবংশী করেছেন চোখ কপালে তোলার মতো ৭৭৬ রান, তাও আবার ২৩৭.৩১-এর বিধ্বংসী স্ট্রাইক রেটে! পরিস্থিতি বুঝে ধীরে সুস্থে রান করার চেনা ছক ভেঙে, ম্যাচের প্রথম ওভার থেকেই বোলারদের ওপর স্টিমরোলার চালিয়েছেন এই তরুণ তুর্কি। এই অনবদ্য পারফরম্যান্সের জন্য অরেঞ্জ ক্যাপের পাশাপাশি ১০ লক্ষ টাকা পুরস্কার পান তিনি।

এরপর ৪৩৬.৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) নির্বাচিত হন বৈভব, যা রান সংখ্যার চেয়েও ম্যাচে তাঁর একচ্ছত্র প্রভাবকে প্রমাণ করে। এর জন্য তিনি পান আরও ১৫ লক্ষ টাকা।

গেইল-কোহলিদের রেকর্ড চুরমার!

অতীতে বিরাট কোহলির ২০১৬ সিজন চিনেছিল রানের পাহাড়, আর ক্রিস গেইলের রাজত্ব ছিল বিপক্ষের মনে ত্রাস সৃষ্টি করা। কিন্তু বৈভব তাঁর ব্যাটিংয়ে এই দুই কিংবদন্তির গুণকেই এক সুতোয় বেঁধেছেন। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য ৭২টি ছক্কা হাঁকিয়ে তিনি ক্রিস গেইলের এক সিজনে সর্বোচ্চ ছক্কার ঐতিহাসিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এর জন্য ‘সুপার সিক্স’ পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পান তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছক্কা মেরে ২০১০ সালের পর কোনও ভারতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের নামে করেছেন বৈভব।

পাশাপাশি, ২৩৭-এর ওপর স্ট্রাইক রেট বজায় রেখে তিনি জিতে নিয়েছেন ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ (১০ লক্ষ টাকা ও টাটা সিয়েরা গাড়ি)। টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকা হিসেবে ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ (১০ লক্ষ টাকা)-এর পুরস্কারও গিয়েছে তাঁর ঝুলিতেই।

রেকর্ড বুক ও রাজস্থানের জাঁকজমক লটারি

হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান করে আইপিএলের ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন বৈভব। এছাড়া গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ ম্যাচে বল ফেস করার নিরিখে দ্রুততম ১,০০০ আইপিএল রান করার বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। মাত্র ১.১০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস নিলামে কিনেছিল এই বাঁ-হাতি ব্যাটারকে। আইপিএলের মঞ্চে দাঁড়িয়ে সেই দামের ঠিক অর্ধেক অর্থাৎ ৫৫ লক্ষ টাকা তিনি এক রাতের পুরস্কার হিসেবেই উশুল করে দিলেন, যা দেখে তাজ্জব বনে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।