চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘদিন পর মাঠে ফিরে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন টিম ডেভিড। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় দু’মাস মাঠের বাইরে ছিলেন তিনি।আইপিএলের শেষ পর্বেও খেলতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তবে প্রত্যাবর্তনের মঞ্চে ব্যাট হাতে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার এই পাওয়ারহিটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৭ বলে শতরান করে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডেভিড। ২১৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র শেষ ওভারে ব্যাট করতে নামেন ডেভিড, তখন পর্যন্ত তিন ব্যাটার প্যাভিলিয়নে (Tim David)।
আরও পড়ুন: Udaipur: উদয়পুরে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী, সুইসাইড নোটে চাঞ্চল্যকর অভিযোগ
চার মেরে ইনিংস শুরু করেন তিনি, এরপর আর থামতেই দেখা যায়নি তাঁকে। বিশেষ করে ক্যারিবিয়ান স্পিনারদের বিরুদ্ধে মারকাটারি মেজাজে ব্যাট চালান ডেভিড। গুড়াকেশ মোতি, আকিল হোসেন ও রস্টন চেসের তিনটি ওভারে মোট ন’টি ছক্কা হাঁকান তিনি—প্রতিটি বোলারকে মারেন তিনটি করে ছক্কা। মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল ট্রেভিস হেড ও মার্কাস স্টোইনিসের দখলে (১৭ বল)। ডেভিড ও মিচেল ওয়েনের মধ্যে চতুর্থ উইকেটে ১২৮ রানের দুরন্ত জুটি অজিদের জয় নিশ্চিত করে দেয়। ম্যাচের শেষ দিকে চার মেরে নিজের শতরান এবং দলের জয়—দুটোই সম্পূর্ণ করেন টিম ডেভিড (Tim David)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল জশ ইংলিসের দখলে, স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪৩ বলে শতরান করেছিলেন তিনি। ডেভিড সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের তালিকায় যদিও এখনও শীর্ষে রয়েছেন রোহিত শর্মা এবং ডেভিড মিলার (৩৫ বল)। ভারতীয় তরুণ অভিষেক শর্মার শতরানও এসেছে ৩৭ বলে। মাত্র ১৬.১ ওভারে লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। একই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০-তে এগিয়ে গিয়ে টি-টোয়েন্টি সিরিজও পকেটে পুরে নেয় তারা। টেস্ট সিরিজ জয়ের পর এবার সীমিত ওভারেও আধিপত্য প্রমাণ করল অজিরা। আর প্রত্যাবর্তনের পর টিম ডেভিড দেখালেন, কেন তাঁর ওপর বেশি ভরসা রাখে অস্ট্রেলিয়া (Tim David)।