ad
ad

Breaking News

Tilak Varma

‘দ্রুত ফিরবেন মাঠে’,অস্ত্রোপচারের পর বার্তা তিলকের

তবে তাঁর পরিবর্ত হিসেবে এখনও কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিসিআই।

tilak-varma-surgery-recovery-update

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অস্ত্রোপচারের পর সুস্থতার পথে ভারতীয় অলরাউন্ডার তিলক বর্মা। গত বুধবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে ‘টেস্টিকুলার টরশন’। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিমের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয় তিলকের। এই অসুস্থতার কারণে টি-২০ বিশ্বকাপে তিলকের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-২০ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তবে তাঁর পরিবর্ত হিসেবে এখনও কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিসিআই। অস্ত্রোপচারের পর সমাজমাধ্যমে নিজের হাসিমুখের ছবি পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেছেন তিলক।

ছবিতে আঙুল তুলে ‘ভি’ বা ‘ভিকট্রি’ সাইন দেখিয়ে তিনি লিখেছেন, আপনাদের অফুরন্ত ভালবাসার জন্য ধন্যবাদ। আমি সেরে উঠছি। আপনাদের ধারণার থেকেও দ্রুত মাঠে ফিরবই। তাঁর এই বার্তায় ইঙ্গিত মিলেছে, নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন এবং বিশ্বকাপেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, ‘টেস্টিকুলার টরশন’-এর ফলে অণ্ডকোষে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সময়মতো অস্ত্রোপচার না হলে পরিস্থিতি মারাত্মক হতে পারে। সেই কারণেই তিলকের ক্ষেত্রে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিসিআই সূত্রে খবর, তিলক বর্তমানে স্থিতিশীল রয়েছেন। শুক্রবার তিনি রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর শুরু হবে তাঁর রিহ্যাব পর্ব। এরপর অনুশীলনে ফিরবেন তিনি। বোর্ডের মেডিক্যাল টিম সব দিক খতিয়ে দেখার পরই ম্যাচ খেলার চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।উল্লেখ্য, হায়দ্রাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিলক বর্মা। আপাতত তাঁকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই তিনি আবার মাঠে নামার মতো ফিট হয়ে উঠবেন।