ad
ad

Breaking News

Tilak Varma return T20 World Cup

বিশ্বকাপের আগে স্বস্তি! চোট সারিয়ে ফিরলেন তিলক বর্মা

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আয়ুষ বাদোনিকে।

Tilak Varma return T20 World Cup

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে আবার জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন তিলক বর্মা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আর কোনও সংশয় নেই। তবে ম্যাচ ফিটনেসের চূড়ান্ত যাচাইয়ের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার নির্দেশ দিয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলিকে প্রস্তুতির সুযোগ করে দিতে ভারতীয় ‘এ’ দল দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। সোমবার সেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিলক বর্মা। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আয়ুষ বাদোনিকে।

বিশ্বকাপের আগে ভারতীয় ‘এ’ দল খেলবে আমেরিকার বিরুদ্ধে। চার দিন পর নামিবিয়ার মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচেই নজর থাকবে একাধিক তরুণ ক্রিকেটারের দিকে।সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন তিলক বর্মা ও রিয়ান পরাগ। দু’জনেই সম্প্রতি রিহ্যাব পর্ব শেষ করে মাঠে ফিরেছেন। যদিও তিলক বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকলেও রিয়ান পরাগ এখনও দলে জায়গা পাননি। তবে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে যদি কোনও সমস্যা তৈরি হয়, সে ক্ষেত্রে রিয়ানের জন্য দরজা খুলে যেতে পারে। তাই ভারতীয় ‘এ’ দলের হয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি।

ব্যাটিং বিভাগে আয়ুষ বাদোনি, তিলক বর্মা ও রিয়ান পরাগের পাশাপাশি রয়েছেন নমন ধীর, প্রিয়াংশ আর্য, উর্ভিল প্যাটেল ও নারায়ণ জগদীশন। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন রবি বিষ্ণোই। তাঁর সঙ্গে রয়েছেন মানব সুথার ও বিপ্রাজ নিগম।পেস বিভাগেও রয়েছে চমক। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম মায়াঙ্ক যাদব ও অশোক শর্মাকে দলে রাখা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ দিয়ে তাঁদের গড়ে তুলতে চাইছে বিসিসিআই। পাশাপাশি আইপিএলের আগে ছন্দে ফেরার সুযোগও পাবেন এই দুই তরুণ পেসার। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচগুলি যে ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। বিশেষ করে তিলক বর্মার প্রত্যাবর্তন এবং একাধিক তরুণের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট মহল।