ad
ad

Breaking News

Tilak Varma

বিশ্বকাপ নিয়েও থাকছে সংশয়! চোটের জেরে সিরিজ থেকে বাদ পড়লেন তিলক বর্মা

এই পরিস্থিতিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা টি-টোয়েন্টি সিরিজ়ে তিলকের খেলা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

tilak-varma-injury-world-cup

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: টি-২০ বিশ্বকাপের ঠিক এক মাস আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। তলপেটে গুরুতর চোটের কারণে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সম্ভবত খেলতে পারবেন না তারকা ব্যাটার তিলক বর্মা। শুধু সিরিজই নয়, বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলিতে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলছিলেন তিলক।সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেট খেলাকালীনই তলপেটে চোট পান তিনি। বুধবার সকালে খাবার খাওয়ার পর হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, চোট গুরুতর এবং তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে মত চিকিৎসকদের।বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, তিলকের সমস্ত মেডিক্যাল রিপোর্ট বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চলবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকরাই। তবে অস্ত্রোপচার হলে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছরের এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটারকে।

এই পরিস্থিতিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা টি-টোয়েন্টি সিরিজ়ে তিলকের খেলা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে তাঁর পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ এবং ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মহারণ—এই ম্যাচগুলির আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সূত্রের খবর, পাকিস্তান ম্যাচের আগে তিলকের ফিট হয়ে ওঠার সম্ভাবনা বেশি। তিলকের অনুপস্থিতি ভারতের টি-টোয়েন্টি দলের জন্য বড় ধাক্কা হতে পারে। সাম্প্রতিক সময়ে নিয়মিত ভালো পারফরম্যান্স করে তিনি দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন। তাঁকে না পেলে টিম ইন্ডিয়ার কম্বিনেশন বদলাতে হতে পারে।

নিউ জিল্যান্ড সিরিজ়ের জন্য খুব শীঘ্রই তিলকের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারে নির্বাচকেরা। যদিও সূত্রের খবর, শুভমন গিলকে এই মুহূর্তে বিবেচনা করার সম্ভাবনা কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত মাসের টি-২০ সিরিজে সহ-অধিনায়ক হলেও, ২০ ডিসেম্বর বিশ্বকাপ ও নিউ জিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি শুভমনের।সব মিলিয়ে, বিশ্বকাপের আগে তিলক বর্মার চোট ভারতীয় শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল। চিকিৎসকদের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটমহল।