ad
ad

Breaking News

T20 World Cup Venue Controversy

ভারত-পাক-বাংলাদেশ ত্রিমুখী লড়াই! ক্রিকেট কূটনীতিতে এবার কার পক্ষ নিল শ্রীলঙ্কা?

অতীতে এশিয়া কাপেও ভারত নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলেছে।

T20 World Cup Venue Controversy

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব বহুদিন ধরেই ক্রিকেটের ময়দানে পড়েছে। এবার সেই জটিল সমীকরণে জড়িয়ে পড়েছে বাংলাদেশও। আসন্ন টি-২০ বিশ্বকাপকে ঘিরে তিন দেশের টানাপোড়েনের মাঝে কার্যত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে শ্রীলঙ্কা। তবে স্পষ্ট জানিয়ে দিল লঙ্কা ক্রিকেট বোর্ড— তারা কোনও পক্ষ নিচ্ছে না।ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলবে না— এমন সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এবারের বিশ্বকাপে পাকিস্তানের কোনও ম্যাচ ভারতে রাখা হয়নি। পাকিস্তানের সব ম্যাচই সূচি অনুযায়ী শ্রীলঙ্কায় আয়োজনের পরিকল্পনা হয়েছে। একইভাবে বাংলাদেশও ভারতে খেলতে আপত্তি জানিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি তোলে। অতীতে এশিয়া কাপেও ভারত নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলেছে। ফলে উপমহাদেশের কূটনৈতিক টানাপোড়েনে বারবারই ‘নিরপেক্ষ মঞ্চ’ হিসেবে উঠে এসেছে দ্বীপরাষ্ট্রটি।

এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকে বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের এই বিরোধে আমরা নিরপেক্ষ ছিলাম, এখনও আছি। তিন দেশই আমাদের বন্ধু। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, কলম্বো কোনও আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না এবং চলমান পরিস্থিতিতে তারা নিরপেক্ষ অবস্থানই বজায় রাখবে।

যদিও বাংলাদেশের ভেন্যু বদল সংক্রান্ত ভোটাভুটিতে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল— যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, বিসিসিআইয়ের চাপে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল লঙ্কা বোর্ড। তবে এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি তারা।এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কটের হুমকিতে। শেষ পর্যন্ত যদি পাকিস্তান সরে দাঁড়ায়, তা হলে আর্থিক দিক থেকে বড় ক্ষতির মুখে পড়তে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড— এমন আশঙ্কাই করছেন ক্রীড়া মহলের একাংশ।