চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন টি-২০ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে। ভারতের মাটিতে নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদন বুধবার খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পরিস্থিতির মাঝেই নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের সম্ভাব্য ‘টুর্নামেন্ট বয়কট’-এর হুঁশিয়ারি।
🚨A BIG CALL BY PAKISTAN🚨🤯
– if the ICC does not accept Bangladesh’s stance, Pakistan may boycott the World Cup. ( Geo Super) pic.twitter.com/FjgAyk6ulA
— junaiz (@dhillow_) January 22, 2026
বুধবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে বিসিবি-র আবেদন নিয়ে ভোটাভুটি হয়। জানা গিয়েছে, ১৬ জন সদস্যের মধ্যে ১৪ জনই বাংলাদেশের আবেদনের বিপক্ষে ভোট দিয়েছেন। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। তাদের মতে, শেষ মুহূর্তে ম্যাচ স্থানান্তর করলে টুর্নামেন্টের নিরপেক্ষতা ও আয়োজন বিঘ্নিত হতে পারে। বিসিবি-কে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আরও একদিনের সময়সীমা বেঁধে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
পাক সংবাদমাধ্যম-এর দাবি অনুযায়ী, বাংলাদেশ যদি ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে এবং এর ফলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে পাকিস্তানও এই বিশ্ব আসর বয়কট করার কথা ভাবছে। যদিও অন্য একটি সূত্রের দাবি, পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরাসরি নাম প্রত্যাহারের কথা ভাবছে না, তবে ভারতের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে যাওয়ার প্রসঙ্গটি টেনে তারা আইসিসি-র বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছে। তাদের মতে, ভারতের ক্ষেত্রে যে নিরাপত্তা অজুহাত মেনে নেওয়া হয়, বাংলাদেশের ক্ষেত্রে কেন তা হচ্ছে না?
এই জট কাটাতে বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেখানে ক্রিকেটারদের ব্যক্তিগত মতামত শোনা হবে। সূত্রের খবর, দলের অধিকাংশ খেলোয়াড়ই ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার পক্ষে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই স্পষ্ট হবে, বাংলাদেশ কি আইসিসি-র সিদ্ধান্ত মেনে ভারতে খেলতে যাবে, নাকি পাকিস্তান ও বাংলাদেশের এই অনড় অবস্থান বিশ্বকাপের সমীকরণ বদলে দেবে।