Bangla Jago Desk: ৩৬০ দিন পরে চোট সারিয়ে মাঠে ফিরেই বাংলার রঞ্জি ট্রফিতে দূরন্ত ছন্দে দেখা গেল মহম্মদ সামিকে। ইন্দোরে মধ্যপ্রদেশের বিপক্ষে লক্ষ্মীর দলের হয়ে দুই ইনিংসে সাতটি উইকেট নেওয়ার পাশাপাশি, ব্যাট হাতেও ৩৭ রান করেন তিনি। এরপরই সামির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রাক্তন বোর্ড সভাপতি ও জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, সামির আর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার দরকার নেই। ও এখন থেকেই মনোনিবেশ করুক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার জন্য। রঞ্জিতে সামির এই পারফরম্যান্স নিশ্চই মাথায় রাখছেন নির্বাচকরা। পার্থ টেস্ট শুরু হতে এখনও মাত্র দিন কয়েক বাকি আছে। কাজেই ওঁর পক্ষে হয়তো প্রথম টেস্টে অজিদের বিপক্ষে খেলা হবে না। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচগুলিতে অবশ্যই সামিকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া উচিত বলেই মন্তব্য করেন সৌরভ।
এখানেই থেমে না থেকে মহারাজ আরও জানান, অস্ট্রেলিয়ার মাটিতে সামিকে অবশ্যই দরকার। কেননা, প্রসিদ্ধ কৃ্ষ্ণা এবং আকাশদীপ দলে থাকলেও অস্ট্রেলিয়ার বাউন্স উইকেটে সবসময় সামিই যে এই দুইজনের থেকে প্রথম পছন্দ থাকবেন এটা আর বলার অপেক্ষা রাখে না।
এর পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সামির রেকর্ডের কথাও তুলে ধরেন মহারাজ। তিনি জানান, কাঙারুদের বিপক্ষে সামির অতীত রেকর্ডটা স্মরণ করা প্রয়োজন। সামি অজিদের বিপক্ষে ৮টি ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন। অ্যাভারেজ ৩২.১৬। কাজেই এমন বোলারকেই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের এই সিরিজে দলের স্বার্থে দরকার আছে বলেও মন্তব্য করেন সৌরভ।