ad
ad

Breaking News

Scotland Vs Italy

ইডেনে স্কটিশ ঝড় ! ৭৩ রানে ইটালিকে হারল স্কটল্যান্ড

সোমবার ইডেন গার্ডেনসে স্কটল্যান্ডের ইনিংসের শুরুতেই বড়সড় ধাক্কার মুখে পড়ে ইটালি।

scotland-vs-italy-t20-world-cup-eden-gardens-result

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk:  সোমবার ইডেনে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার মানল ইটালি। টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ফলটা উল্টো হলেও, এদিন স্কটল্যান্ডের কাছে খাপ থেকে তলোয়ার খুলতেই পারল না আজ্জুরিরা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করেন স্কটল্যান্টের ক্রিকেটাররা। জবাবে ইটালির ব্যাটাররা মুড়িয়ে গেল ১৩৪ রানে। চলতি টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের নন্দন কাননে ৭৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ পকেটে পুরল স্কটল্যান্ড।

সোমবার ইডেন গার্ডেনসে স্কটল্যান্ডের ইনিংসের শুরুতেই বড়সড় ধাক্কার মুখে পড়ে ইটালি। মিড অফে দ্রুত আসা বল আটকাতে ডাইভ দেন দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন। কাঁধে গুরুতর আঘাত লাগে তাঁর। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মাঠে গিয়ে তাঁর চোট খতিয়ে দেখেন দলের ফিজিয়ো। পরে দেখতে পাওয়া যায়, বাঁ কাঁধে একটি স্লিং ঝুলিয়ে মাঠ ছেড়ে বেরোচ্ছেন তিনি। পরে ধারাভাষ্যকারের বক্তব্যে জানা যায়, ম্যাডসেনের কাঁধের হাড় সরে গিয়েছে। ফলে এই ম্যাচে আর খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামতে পারেননি ম্যাডসেন। ইটালির পরবর্তী ম্যাচেও তিনি খেলতে পারবেন কিনা, তা জানানো হয়নি টিমের তরফে।

ম্যাডসেন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরই কিছুটা ছন্নছাড়া দেখিয়েছে ইটালির খেলা। বিশেষ করে ফিল্ডিংয়ের সময়। স্কটল্যান্ডের ওপেনিং জুটি ভাঙতে হিমশিম খেল তারা। জর্জ মুনসে ৫৪ বলে ৮৪ রান করেন। শতরানের সুযোগ হাতে পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। মাইকেল জোন্স করেন ৩০ বলে ৩৭ রান। তিন নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন ম্যাকমুলেন। ১৮ বলে ৪১ রান করেন তিনি। পর পর কয়েকটি উইকেট পড়ায় রানের গতি বেশ কিছুটা কমে যায় স্কটিশদের। শেষ ওভারে টমাস ড্রাকার পাঁচ বলে ২২ রান নেন মাইকেল লিয়াস্ক। ফলে স্কটল্যান্ডের ইনিংস শেষ হয় ২০৭ রানে।

২০৮ রানের টার্গেট নিয়ে ইটালির হয়ে ওপেন করতে নামেন দুই ভাই জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোসকা। প্রথম বলেই জাস্টিনকে সাজঘরে ফেরান লিয়াস্ক। অ্যান্থনি করেন ১৩ রান। অধিনায়ক ম্যাডসেন না থাকায় ইটালির ইনিংস অনেকটাই নির্ভর করছিল জেজে স্মাটসের ওপর। তিনি ভাল শুরু করলেও ১১ বলে ২২ রান করে আউট হয়ে যান। দুই ভাই হ্যারি ও বেন মানেন্টি লড়াই করেন। ২৫ বলে ৩৭ রান করে আউট হন হ্যারি। বেন ৩১ বলে ৫২ রান করেন। বেন আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইটালির ব্যাটিং লাইনআপ। ১৬.৪ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায় গোটা দল। ৭৩ রানে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড।

 

একটা বিষয় অবশ্যই উল্লেখ্য, যোগ্যতা নির্ধারণ পর্বে ইটালির কাছে হেরেই টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে গিয়েছিল স্কটল্যান্ডের। কিন্তু বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ায় শেষ মুহূর্তে সুযোগ পেয়ে যায় তারা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলেও ইটালির কাছে এবার বদলা নিল স্কটিশরা।