চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের খেসারত দিতে হল ক্রিকেটারদেরই। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে ভারতে এসে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে না চাওয়ায় বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ সরানোর অযৌক্তিক দাবি মানতে নারাজ আইসিসি শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্তে হঠাৎ করেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় স্কটল্যান্ড।বিশ্বকাপের বাছাই পর্বে খেলেও আগেই ছিটকে গিয়েছিল স্কটল্যান্ড। তবে বাংলাদেশের সরে দাঁড়ানোর পর র্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে থাকায় পরিবর্ত হিসেবে স্কটিশ দলকেই বেছে নেয় আইসিসি। শনিবার আনুষ্ঠানিক ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ছবি পোস্ট করে স্কটল্যান্ড ক্রিকেট। ক্যাপশনে স্পষ্ট বার্তা—‘আমরা সবসময়েই প্রস্তুত।’
স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, আইসিসি-র কাছ থেকে বিষয়টি জানতে পারেন তাঁরা। তাঁর কথায়, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছিল, আমরা বিশ্বকাপে খেলতে রাজি কি না। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। এই সুযোগ করে দেওয়ার জন্য আইসিসি-র কাছে কৃতজ্ঞ। স্কটল্যান্ডের ক্রিকেটারদের কাছে এটা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ। তবে মানতেই হবে, ব্যতিক্রমী পরিস্থিতির কারণেই এই সুযোগ এসেছে।লিন্ডব্লেড আরও জানান, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে যোগাযোগ করেছিলেন তাঁদের সঙ্গে।আগেই নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন সিরিজের প্রস্তুতি শুরু করেছিল স্কটল্যান্ড। আইসিসি-র ঘোষণার পর দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শীঘ্রই ভারতের উদ্দেশে রওনা দেবে দলটি। কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াডও ঘোষণা করা হবে।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে গ্রুপ সি-তে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৯ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ ইতালি। একই মাঠে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে, নেপালের বিরুদ্ধে।অপ্রত্যাশিত সুযোগ হলেও প্রস্তুতিতে কোনও ঢিলেমি রাখতে চাইছে না স্কটল্যান্ড। বিশ্বমঞ্চে নামার এই সুযোগ কাজে লাগাতে মরিয়া স্কটিশ শিবির।