ad
ad

Breaking News

Scotland

নেই স্পনসর–জার্সি, বিশ্বকাপ খেলার আগেই চাপে স্কটল্যান্ড

এই পরিস্থিতি যে যথেষ্ট চাপের, তা স্বীকার করেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড।

scotland-replaces-bangladesh-in-t20-world-cup

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ইউরোপিয়ান জোনের বাছাই পর্বের ফাইনালে হেরে টি-২০ বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গিয়েছিল স্কটল্যান্ডের। ইউরোপের দেশগুলির মধ্যে বিশ্বকাপ খেলার অন্যতম ফেভারিট হয়েও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল তাদের। তবে বিশ্বকাপ শুরুর মাত্র ১৫ দিন আগে আচমকাই ভাগ্য বদলাল স্কটল্যান্ডের। বাংলাদেশের পরিবর্ত হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল তারা। হঠাৎ পাওয়া এই সুযোগের সঙ্গে সঙ্গে একাধিক সমস্যার মুখে পড়েছে স্কটিশ শিবির। এখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য কোনও স্পনসর জোগাড় করতে পারেনি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। নির্ধারিত হয়নি দলের জার্সি বা কিটও। এত কম সময়ের মধ্যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার প্রস্তুতিই এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এই পরিস্থিতি যে যথেষ্ট চাপের, তা স্বীকার করেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড। তিনি বলেন, স্পনসর জোগাড় করার জন্য আমাদের হাতে আর সাত দিন সময় রয়েছে। যদি বিশ্বকাপের জন্য আলাদা কিট পাই, তা হলে সেটা আমাদের কাছে বোনাস হবে। না পেলে স্কটল্যান্ড দল অন্য সময়ে যে কিট পরে খেলে, সেটাতেই বিশ্বকাপে নামবে।বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করেছে স্কটল্যান্ড। তবে দলে পাক-বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় ভিসা সংক্রান্ত জটিলতাও তৈরি হতে পারে। স্কোয়াডে রয়েছেন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরিফ। এর আগেও ইংল্যান্ড ও আমেরিকার মতো দল পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে সমস্যায় পড়েছে। অতিরিক্ত নথি ও তথ্য জমা দেওয়ার পরেই মিলেছে ভিসা।

স্কটল্যান্ডও একই সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই বিষয়ে আশাবাদী ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানান,এই বিষয়টি নিয়ে আইসিসির নির্দেশ মেনেই আমরা কাজ করছি। আইসিসিও আমাদের আশ্বাস দিয়েছে। তিন দিন আগে হোক বা ৪৫ দিন, ভিসা পাওয়া সবসময়ই অনিশ্চিত। তবে আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব অনুমোদন মিলবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে স্কটল্যান্ড। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতির অভাব, স্পনসর সংকট ও ভিসা সমস্যার আশঙ্কা—সব মিলিয়ে চাপের মধ্যেই বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে স্কটল্যান্ড।