চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শুক্রবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল মুম্বই শিবির। তারকা উইকেটকিপার-ব্যাটার সরফরাজ খানের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।বুধবার পর্যন্ত মুম্বই দলের সঙ্গেই ছিলেন সরফরাজ়। এমনকি কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর যখন দলের ড্রেসিংরুমে এসে পেপ টক দেন, সেখানেও উপস্থিত ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে জানা যায়, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সরফরাজ। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই প্রসঙ্গে মুম্বই দলের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়াতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে সরফরাজ়কে। তিনি বলেন, আগেও কিছুটা অসুস্থ ছিলেন সরফরাজ। সেই কারণে দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি। কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন সরফরাজ় খান। সেই ম্যাচে ২৪ বলে ২৭ রান করে আউট হন তিনি। কোয়ার্টার ফাইনালে যদি তিনি খেলতে না পারেন, তা হলে মুম্বইয়ের জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হবে।চলতি মরশুমে লাল বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন ২৮ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার। রঞ্জি ট্রফিতে প্রায় ৫৪ গড়ে করেছেন ৪২৯ রান। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ২১৯ বলে ২২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সরফরাজ।
এদিকে কর্নাটক দলে খেলবেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। পাশাপাশি চলতি মরশুমে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলছেন দেবদত্ত পাডিক্কল। ফলে এমনিতেই কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে মুম্বই। তার ওপর সরফরাজ় যদি খেলতে না পারেন, তা হলে বাড়তি দায়িত্ব পড়বে যশস্বী জয়সওয়াল, শার্দূল ঠাকুর ও সিদ্ধেশ লাডদের কাঁধে।তবে সরফরাজের খেলা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি মুম্বই ক্রিকেট দল।