চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: চোট কাটিয়ে ফিরে এসে ঘরোয়া ক্রিকেট দুরন্ত পারফর্ম করছেন সরফরাজ খান। তা সত্ত্বেও আসন্ন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলে সুযোগ পাননি সরফরাজ। ছন্দে থাকা সরফরাজকে কেন বোর্ড কর্তারা দলে নিলেন না, তা নিয়ে এখন জোর জল্পনা ও সমালোচনা শুরু হয়েছে চারিদিকে। এবার সফররাজকে কেন ভারতীয় ‘এ’ দলে নেওয়া হয়নি তা নিয়ে নীরবতা ভাঙল বিসিসিআই। সংবাদমাধ্যমের কাছে সেই কারণই জানিয়েছে বোর্ড।
প্রসঙ্গত, সমালোচকরা সরফরাজকে বাদ দেওয়ার প্রসঙ্গে বোর্ড কর্তাদের দিকে আঙুল তুলে বলেন, ইংল্যান্ড সিরিজে চোট পাওয়া পন্থকে যদি দুই ম্যাচের ভারতীয় ‘এ’ দলে অধিনায়ক করে সুযোগ দেওয়া হয়, তাহলে ঘরোয়া ট্রফিতে ছন্দে থাকা সরফরাজ কেন সুযোগ পাবেন না?
এরপরই বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘সরফরাজকে বাদ দেওয়ার প্রসঙ্গে যে অভিযোগগুলো উঠছে তা ঠিক নয়। মুম্বাই ব্যাটারকে ভারতীয় ‘এ’ দলে নেওয়া হয়নি তাঁর ফিটনেস ও ফর্মের কারণে। কেননা মাঝে বেশ কিছুদিন চোটের কারণে সফরাজ কিছুদিন মাঠে নামতে পারেননি। আবার তিনি চোট কাটিয়ে মাঠে ফিরে আসছেন। ইতিমধ্যে তিনি রানও করছেন। নির্বাচকরাও তাঁর প্রতি নজর রাখছেন। আশাকরি নির্বাচকরা হয়ত খুবই শীঘ্রই সরফরাজকে সুযোগ দেবেন।’
এদিকে সরফরাজ ইস্যুতে অপর একটি সংবাদমাধ্যম দাবি করেছে, যেহেতু দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলে ঋষভ পন্থকে অধিনায়ক করা হয়েছে, এবং যেহেতু পন্থের ব্যাটিং পজিশন পাঁচ নম্বরে, সেই কারণে সরফরাজ খানকে দলে নেওয়া হয়নি। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বই ব্যাটারকে নাকি একান্তই জাতীয় দলের হয়ে খেলতে হয়, তাহলে রণজি ট্রফতি ৩ নম্বর স্থানে ব্যাট করার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা জাতীয় দলে এই মুহূর্তে ৩ নম্বর পজিশনে ব্যাট করেন সাই সুর্দশন। যেহেতু তিনি এখনও নিজেকে ওই পজিশনে বিশ্বস্ত করে তুলতে পারেননি, তাই সরফরাজকে এই পজিশনে ব্যাটিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সরফরাজ কর্তাদের এমন সিদ্ধান্ত মেনে নেন কি না।