চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত ভারতের টি-২০ দলে সঞ্জু স্যামসনের নাম না থাকায় শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও বোর্ডের একটি সূত্রের দাবি, সঞ্জুকে বাদ দেওয়া হয়নি, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ সেপ্টেম্বরে এশিয়ান গেমসে ভারতের দলে রয়েছেন তিনি। তাই নির্বাচকদের সমালোচনা করার আগে একটু ‘পড়াশোনা’ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজে থাকা একাধিক ব্যাটার জিম্বাবোয়ে সফরের দলে সুযোগ পেলেও সঞ্জুর নাম নেই। ইংল্যান্ডে থাকা ৬ ক্রিকেটারের মধ্যে তিনিও বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরন সিংকে। আইপিএল ২০২৬-এ পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ২০২৩ সালে হাংঝোউ এশিয়ান গেমসের ভারতীয় দলেও ছিলেন তিনি।
ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সঞ্জুর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ায় সঞ্জুর অবস্থান দুর্বল হয়ে পড়ে।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ৩১ বছর বয়সি সঞ্জু। আইপিএল ২০২৬-এও তাঁর ব্যাট থেকে আসে ২টি শতরান। তবু বৈভব সূর্যবংশীর উত্থান এবং তাঁকে দীর্ঘ সময় সুযোগ দেওয়ার ভাবনা থেকেই শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন জিম্বাবোয়ে সফরের দলে সঞ্জুকে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।
এক বোর্ড সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘জিম্বাবোয়ে সফরে সঞ্জুকে বিশ্রাম দেওয়া হয়েছে, এতে অবাক হওয়ার কিছু নেই। যাঁরা বলছেন ওকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের জানা উচিত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের দলে সঞ্জু রয়েছে। নির্বাচকদের সমালোচনা করার আগে একটু পড়াশোনা করা উচিত। যখন ও খেলবেই না, তখন ওকে নিয়ে যাওয়ার মানে কী? ও সিনিয়র ক্রিকেটার।’
সঞ্জু ছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোইও জিম্বাবোয়ে সফরের দলে নেই। হর্ষিত, প্রসিদ্ধ ও ওয়াশিংটন অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় দলে রয়েছেন। অন্যদিকে রিঙ্কু সিং এবং ময়াঙ্ক যাদব টি-২০ দলে ফিরেছেন।
২৩, ২৫ এবং ২৭ জুলাই হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩টি টি-২০ খেলবে ভারত। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিসান, শিবম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়াঙ্ক যাদব এবং প্রভসিমরন সিং।