চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯৮৯ সালের সেই দিনটা আজও স্মরণীয়। মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। কিন্তু একই ম্যাচে আর এক ভারতীয় ক্রিকেটারেরও অভিষেক হয়েছিল— পেসার সলিল আঙ্কোলার। সচিন যেখানে পরবর্তীতে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠলেন, সেখানে আঙ্কোলার আন্তর্জাতিক কেরিয়ার আর সেভাবে ডানা মেলতে পারেনি।
এ বার জীবনের আরও কঠিন এক লড়াইয়ের মুখে পড়েছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। মানসিক অবসাদের কারণে পুণের কাছে একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন সলিল আঙ্কোলা। জানা গিয়েছে, ২০২৪ সালের অক্টোবর মাসে মায়ের মৃত্যুর পর থেকেই গভীরভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই শোক কাটিয়ে উঠতে না পেরে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন।
সলিলের স্ত্রী রিয়া আঙ্কোলা জানিয়েছেন, স্বামীর অবস্থা খারাপের দিকে যেতে থাকায় শেষ পর্যন্ত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, মায়ের মৃত্যু মেনে নিতে পারছিলেন না সলিল। বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। তাই শান্ত পরিবেশে নিজেকে সুস্থ করে তুলতেই তিনি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।
তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন প্রাক্তন ক্রিকেটার। নিয়মিত শরীরচর্চা করছেন, নিজের মানসিক অবস্থারও উন্নতি হচ্ছে। পরিবারও তাঁর পাশে রয়েছে সবসময়। রিয়া জানিয়েছেন, পুরোপুরি ভেঙে পড়ার আগে সলিল যে বিরতি নিয়ে চিকিৎসার পথ বেছে নিয়েছেন, সেটাই সবচেয়ে ইতিবাচক সিদ্ধান্ত। ক্রিকেটই তাঁর প্রথম ভালবাসা ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শুধু পরিবার নয়, ক্রিকেট মহল থেকেও যথেষ্ট সমর্থন পেয়েছেন সলিল আঙ্কোলা। তাঁর এই কঠিন সময়ে অনেকেই পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন রিয়া।
ক্রিকেট কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ও পনেরোটি একদিনের ম্যাচ খেলেছিলেন আঙ্কোলা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে কুড়িটি উইকেট। পরে বাঁ পায়ের শিনে টিউমার ধরা পড়ায় কেরিয়ার বড় ধাক্কা খায়। তবে ঘরোয়া ক্রিকেটে মুম্বই ও মহারাষ্ট্রের হয়ে চুয়ান্নটি প্রথম শ্রেণির ম্যাচে একশো একাশি উইকেট নিয়েছিলেন তিনি।
ক্রিকেট ছাড়ার পর নির্বাচক হিসাবেও কাজ করেছেন আঙ্কোলা। অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিতেও ছিলেন তিনি। পাশাপাশি মুম্বই ক্রিকেট সংস্থার প্রধান নির্বাচকের দায়িত্বও সামলেছেন। পরে অভিনয় জগতেও পা রাখেন এবং একাধিক চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেন।
জীবনের কঠিন সময়ে লড়াই করে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সলিল আঙ্কোলা। ক্রিকেট মাঠে না হলেও, এই লড়াইটাও কম বড় নয়।