চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: শনিবার দুপুরে চেন্নাই বিমানবন্দরে পৌঁছলেন রোনাল্ডিনহো। ৩০ মার্চ রবিবার চেন্নাইয়ে ইন্ডিয়ান লিজেন্ড একাদশের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ব্রাজিল লিজেন্ড একাদশ। সেই ম্যাচে অংশগ্রহণ করতেই চেন্নাইতে এলেন প্রাক্তন ব্রাজিলিয়ান বিশ্বকাপার।
শনিবার রোনাল্ডিনহোর চেন্নাইতে আসার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে চেন্নাইয়িন এফসি। এবং সেখানে তারা লেখে, বিমানবন্দরে রোনাল্ডিনহো নামার পর এইরকম দৌড়তে হবে যা আমরা স্বপ্নেও ভাবিনি।
রোনাল্ডিনহো বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে সদা হাস্যময় থাকার জন্যই তাঁকে সবাই এত পছন্দ করেন। প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ২৩ বছর বয়সে বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন প্রফেশনাল ফুটবল খেলার জন্য।
সেখানে পাঁচটি মরসুম কাটিয়ে বার্সাকে দুবার লা-লিগা ও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপর ২০০৮ সালে বার্সা ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন এসি মিলানে।
[আরও পড়ুন: রাজ্য সরকার চিঠি দিচ্ছে দিল্লিতে- কিন্তু কেন?]
এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। যেখানে ব্রাজিল লিজেন্ড একাদশের হয়ে মাঠে নামবেন রোনাল্ডিনহো ছাড়াও, রিভাল্ডো, জর্জিনহো, গিলবার্তো সিলভা, এডমিলসন, রিকার্ডো ওলিভিয়েরা এবং কাফুর মতো বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলাররা।
অপর দিকে ইন্ডিয়ান্স অল স্টারের হয়ে খেলবেন, মেহতাব হোসেন, আলভিটো ডি-কুনহা, রহিম নবি, শুভাশিস রায়চৌধুরি, মেহেরাজউদ্দিন ওয়াদু, অর্ণব মণ্ডল, মহেশ গাওলির মতো প্রাক্তন জাতীয় ফুটবলাররা।