চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ভালোই আছেন ব্রাজিলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রবার্তো কার্লোস। হাসপাতাল থেকেই নিজের হাসিমুখের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।কার্লোস স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর হার্ট অ্যাটাক হয়নি। হৃদযন্ত্রে একটি সমস্যা ধরা পড়েছিল, যা চিকিৎসকেরা সফলভাবে ঠিক করে দিয়েছেন। তিনি বলেন,“আমি হৃদরোগে আক্রান্ত হইনি। হৃদযন্ত্রে একটা সমস্যা দেখা গিয়েছিল। চিকিৎসকেরা তা ঠিক করে দিয়েছেন। আমি এখন ভালো আছি এবং সুস্থ হয়ে উঠছি। খুব তাড়াতাড়ি পুরো ফিটনেস ফিরে পাব বলে আশা করছি। যেসব কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেগুলি আবার শুরু করার অপেক্ষায় আছি।
উল্লেখ্য, নতুন বছরের প্রাক্কালে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ব্রাজিল তারকা। তাঁর পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয়। দ্রুত তাঁকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচার করা হয়।সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতাল কার্লোসের শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ব্রাজিল কিংবদন্তির হৃদযন্ত্রে যে সমস্যা দেখা গিয়েছিল, তা এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কার্লোসের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।চিকিৎসা প্রসঙ্গে কার্লোস বলেন, চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই আমার চিকিৎসাপদ্ধতি ঠিক করা হয়েছে। আমি এখন ভালো আছি।
উল্লেখ্য, রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল দলের সদস্য ছিলেন এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন। ক্লাব ফুটবলেও দীর্ঘ ১১ বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন এই কিংবদন্তি লেফট-ব্যাক।