চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বাবা খনচাঁদ সিং আর নেই। শুক্রবার গ্রেটার নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ক্যানসারের চতুর্থ স্তরে আক্রান্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন খনচাঁদ সিং। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। বাবার অসুস্থতার খবর পেয়ে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচের আগে ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন ২৮ বছর বয়সী রিঙ্কু। তবে ম্যাচের আগেই তিনি দলে ফিরে আসেন। যদিও সেই ম্যাচে ভারতের একাদশে তাঁর জায়গা হয়নি, সঞ্জু স্যামসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
রিঙ্কু সিংয়ের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শোক প্রকাশ করে তিনি লেখেন, “রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খনচাঁদ সিং জির প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়েও রিঙ্কু বিশ্বকাপের দায়িত্ব পালন করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। ঈশ্বর তাঁর বিদেহী আত্মার শান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।”
Pained to learn about the demise of Shri Khanchand Singh Ji, father of Rinku Singh. This must be an especially difficult time for Rinku and his family, even as he remains committed to his responsibilities during the T20 World Cup.
My heartfelt thoughts and prayers are with him…— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 27, 2026
রিঙ্কুর আজকের এই সাফল্যের পেছনে তাঁর বাবার অবদান অনস্বীকার্য। আলিগড়ে এলপিজি সিলিন্ডার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা খনচাঁদ সিং চরম আর্থিক অনটনের মধ্যেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নে কখনো বাধা হয়ে দাঁড়াননি। গত বছরই রিঙ্কু তাঁর বাবাকে ৩.১৯ লক্ষ টাকা মূল্যের একটি দামী বাইক উপহার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছিলেন।
উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে গত ম্যাচে রিঙ্কু মূল একাদশে না থাকলেও সূর্যকুমার যাদব ও অভিষেক শর্মার পরিবর্তে ফিল্ডিং করতে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার অর্ধশতকের ওপর ভর করে ভারত ৭২ রানে জয় লাভ করে। আগামী রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত।