চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আইপিএলের মিনি নিলামের আগেই বড় সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। দলের দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসনকে বিক্রি করে দেওয়া হয়। বদলে নেওয়া হতে পারে রবীন্দ্র জাদেজাকে। তাঁর এই প্রত্যাবর্তনের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে—আইপিএলের আসন্ন মরশুমে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে কাকে দেখা যাবে?প্রথমে আলোচনায় ছিল রিয়ান পরাগের নাম। তবে দলের নেতৃত্বের দায়িত্বে একেবারে তরুণ কারও বদলে অভিজ্ঞ ক্রিকেটারকেই চাইছে রাজস্থান শিবির। সেই সূত্রেই জোরালো হচ্ছে রবীন্দ্র জাদেজার অধিনায়ক হওয়ার সম্ভাবনা। সব কিছু ঠিক থাকলে, আসন্ন মরশুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবেই দেখা যেতে পারে তাঁকে।
এই জল্পনা নতুন নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ চলাকালীন কলকাতায় ভারতীয় দলের টিম হোটেলে রাজস্থান রয়্যালসের কর্ণধার মনোজ বাদালের সঙ্গে বৈঠক করেছিলেন জাদেজা। সেই সময়েই নেতৃত্ব সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। যদিও তখন চেন্নাই বা রাজস্থান—কোনও পক্ষই ট্রেডিং নিয়ে সরকারি ঘোষণা করেনি।এ বার সেই জল্পনাকে আরও উসকে দিল রাজস্থান রয়্যালসের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। রাজস্থান জার্সিতে জাদেজার ছবি শেয়ার করে ফ্র্যাঞ্চাইজি লেখে, ‘যেটা করি সেটাই সুপার, এটাই আমি মানুষকে বলতে শুনেছি।’ পোস্টে উল্লেখ ছিল ২০০৮ সালের কথা—আইপিএলের প্রথম মরশুমে রাজস্থান রয়্যালসের ঐতিহাসিক ট্রফি জয়ের স্মৃতি। শেন ওয়ার্নের সেই চ্যাম্পিয়ন দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাদেজা।এর পরের মরশুমেও রাজস্থানেই ছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৮ বছরে নানা পর্ব পেরিয়েছেন জাদেজা—কোচি টাস্কার্সের হয়ে খেলেছেন, ২০১২ সালে যোগ দেন চেন্নাই সুপার কিংসে। মাঝে গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন, আবার ফিরে যান চেন্নাইয়ে। ২০২২ সালে চেন্নাই সুপার কিংসের অধিনায়কও হন তিনি। যদিও মাত্র ৮ ম্যাচের মধ্যেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে, কারণ সেই সময় পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিল সিএসকে।
চেন্নাইয়ে দীর্ঘ সময় কাটানোর পর এ বার পুরনো দলে ফিরেছেন জাদেজা। আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ যে রাজস্থানের কাজে আসতে পারে, তা মানছেন ক্রিকেট মহলের একাংশ। তাই পুরনো দলে ফিরে অধিনায়কের দায়িত্ব পেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মত বিশেষজ্ঞদের।