ad
ad

Breaking News

Jammu And Kashmir

মধ্যপ্রদেশকে হারিয়ে এই প্রথম সেমিফাইনালে জম্মু-কাশ্মীর

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৬ রানে ম্যাচ জিতে সেমি-র লড়াইয়ে উঠে গেল তারা।

ranji-trophy-jammu-kashmir-semifinal-akib-nabi-dar-12-wickets

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: একদিকে যখন দেশের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ, তখনই চলতি রঞ্জি ট্রফিতে তৈরি হচ্ছে একের পর এক নজির। কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে এই প্রথমবার রঞ্জির সেমিফাইনালে পৌঁছে গেল জম্মু ও কাশ্মীর দল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৬ রানে ম্যাচ জিতে সেমি-র লড়াইয়ে উঠে গেল তারা। অন্যদিকে মুম্বইকে তাদের ঘরের মাঠে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল কর্নাটক।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯৪ রানে শেষ হয়ে যায় জম্মু ও কাশ্মীর দলের ব্যাটিং লাইনআপ। শুভম খাজুরিয়া (৬০) ও পরশ ডোগরা (৩৩) ছাড়া আর কেউই তেমন রান পাননি। মধ্যপ্রদেশের হয়ে কুলদীপ সেন নেন ৫ উইকেট। জবাবে আকিব নবি দারের (৪০/৭) বিধ্বংসী বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে মধ্যপ্রদেশ। ১৫২ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। ৪২ রানের লিড নিয়ে শুরু করা জম্মু-কাশ্মীরের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪৮ রানে। ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ অলআউট হয়ে যায় ২৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৫ উইকেট নিয়েছেন আকিব।

বেশ কিছুদিন ধরেই চর্চায় জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি দার। ঘরোয়া মরশুমেও অসাধারণ ছন্দে রয়েছেন ২৮ বছর বয়সি এই পেসার। আইপিএলে তাঁকে ৮.৪০ কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপর থেকেই আরও বেশি করে নজরে নবি। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে গোটা ম্যাচে কাশ্মীরি পেসারের নামের পাশে ১১০ রানে ১২ উইকেট।

রঞ্জি ট্রফিত গত মরশুমে আকিব পেয়েছিলেন ৪৪ উইকেট। তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক। চলতি মরশুমেও জম্মু-কাশ্মীরের পেস বোলিং ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত ৪৬টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। ৫২ উইকেট নিয়ে প্রথম স্থানে উত্তরাখণ্ডের ময়াঙ্ক মিশ্র।

পাশাপাশি, অন্য কোয়ার্টার ফাইনালে মুম্বইকে তাদের ঘরের মাঠে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে কর্নাটক। মুম্বইয়ের দেওয়া ৩২৫ রানের লক্ষ্য ৬ উইকেটেই পূরণ করে কেএল রাহুলের দল। ওপেন করতে নেমে ১৩০ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন রাহুল। তবে ব্যর্থ হয়েছেন মুম্বই তারকা যশস্বী জয়সওয়াল। দুই ইনিংস মিলিয়ে তাঁর রান ৪১ (৩৬+৫)। আগামী রবিবার ১৫ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে নামবে কর্নাটক।