চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার লক্ষ্যে দারুণ শুরু করলেন ভারতের তারকা পিভি সিন্ধু। আয়ারল্যান্ডের সোফিয়া নোবলকে সরাসরি দুই গেমে হারিয়ে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন তিনি। ৯ নম্বর বাছাই সিন্ধু মাত্র ২৯ মিনিটে ম্যাচ জেতেন ২১-৭, ২১-১১ ব্যবধানে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই ৫টি পদক রয়েছে সিন্ধুর ঝুলিতে। এর মধ্যে ২টি ব্রোঞ্জ, ২টি রুপো এবং ২০১৯ সালের ঐতিহাসিক সোনা রয়েছে। চলতি প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠতে পারলেই অন্তত আরও একটি ব্রোঞ্জ নিশ্চিত হবে তাঁর। সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে ৬টি পদক জয়ের নজির গড়বেন ভারতীয় তারকা।
নোবলের বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন সিন্ধু। প্রথম গেমে ১১-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি। ধৈর্য ধরে র্যালি তৈরি করা, নিখুঁত ড্রপ শট এবং শক্তিশালী স্ম্যাশে বারবার সমস্যায় ফেলেন আইরিশ খেলোয়াড়কে। দ্বিতীয় গেমে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন নোবল। একটা সময় দু’জনের মধ্যে ব্যবধান কম ছিল। কিন্তু বিরতিতে ১১-৮ এগিয়ে যাওয়ার পর অভিজ্ঞতার পরিচয় দেন সিন্ধু। বিরতির পর একের পর এক আক্রমণাত্মক শটে ম্যাচের গতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে শেষ পর্যন্ত সহজেই জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় পর্বে সিন্ধুর প্রতিপক্ষ কানাডার ওয়েন ইউ ঝ্যাং।
মহিলা ডাবলসেও ভাল শুরু ভারতের। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ স্পেনের পাউলা লোপেজ ও লুসিয়া রদ্রিগেজকে ২১-৯, ২১-১৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। পরের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ১৬ নম্বর বাছাই জুটি লরেম ল্যাম ও অ্যালিসন কুইন লি।
পুরুষ ডাবলসে হরিহরণ আমসাকারুননান ও এমআর অর্জুনও দ্বিতীয় পর্বে পৌঁছেছেন। তাঁদের প্রতিপক্ষ ২১-১৬, ৬-৪ পিছিয়ে থাকা অবস্থায় অবসর নেওয়ায় ভারতীয় জুটি জয় পায়। দ্বিতীয় পর্বে তাঁদের সামনে দক্ষিণ কোরিয়ার ১৫ নম্বর বাছাই জুটি মিন হিউক কাং ও ডং জু কি।
এদিকে পঞ্চম বাছাই জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি প্রথম পর্বে বাই পেয়েছেন। দ্বিতীয় পর্বে তাঁদের মুখোমুখি হবে স্কটল্যান্ডের আলেকজান্ডার ডান ও অ্যাডাম প্রিঙ্গল।