চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালেই থামতে হল পিভি সিন্ধুকে। চিনের ওয়াং ঝি ইয়ের কাছে পরাজয় ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। ৫২ মিনিটের লড়াইয়ে সিন্ধু হারেন ১৬-২১, ১৫-২১ ব্যবধানে। ২০২১ সালের ইন্দোনেশিয়া ওপেনের পর এই প্রথম কোনও সুপার ১০০০ সিরিজ়ের সেমিফাইনালে উঠেছিলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে জাপানের আকনে ইয়ামাগুচি চোটের কারণে ম্যাচ ছেড়ে দেওয়ায় অপেক্ষাকৃত সহজেই শেষ চারে পৌঁছন তিনি। তবে সেমিফাইনালে বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়েও ফাইনালের টিকিট কাটতে পারলেন না দু’বারের অলিম্পিক্স পদকজয়ী (PV Sindhu)।
ম্যাচের শুরুটা খারাপ করেননি সিন্ধু। প্রথম গেমে একসময় ৯-৭ ব্যবধানে এগিয়েও ছিলেন তিনি। কিন্তু ১০-১০ সমতায় ফেরার পর আর সুযোগ দেননি ওয়াং। ধারাবাহিক আক্রমণে ১৯-১৬ ব্যবধানে এগিয়ে গিয়ে টানা দু’টি পয়েন্ট জিতে প্রথম গেম দখল করেন চিনা শাটলার।প্রথম গেম হারার পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সিন্ধু। বেশ কিছুক্ষণ সমানে সমানে লড়াই চললেও ৯-১১ পয়েন্টে পিছিয়ে পড়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন ওয়াং। ব্যবধান বাড়িয়ে দ্বিতীয় গেম এবং ম্যাচ জিতে নেন তিনি।
স্কোরলাইনে দেখে একপেশে মনে হলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না। ৫২ মিনিট ধরে চলা লড়াই থেকেই বোঝা যায়, সিন্ধু কতটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘদিন চোটের সমস্যার পর এটিই ছিল সিন্ধুর প্রথম বড় টুর্নামেন্টে প্রত্যাবর্তন।এর আগে টুর্নামেন্টে একাধিক ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সিন্ধু। প্রথম রাউন্ডে এস ওয়াই সুংকে হারানোর পর মিয়াজাকিকে পরাস্ত করেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির বিরুদ্ধে জয় এলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে এসে থামল তাঁর অভিযান।ফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সেয়ংয়ের মুখোমুখি হবেন ওয়াং ঝি ই। সিন্ধুর বিরুদ্ধে জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে মালয়েশিয়া ওপেনের খেতাব জয়ের লক্ষ্যেই নামবেন বিশ্বের দ্বিতীয় বাছাই (PV Sindhu)।