চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে বাংলাদেশের ভারতের মাটিতে খেলতে আসার আপত্তি নিয়ে জলঘোলা অব্যাহত। তার মধ্যে ইন্ধন জোগাতে এবার আসরে নেমে পড়ল পাকিস্তান। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি দিল আইসিসি-কে। তবে আন্তর্জাতিক ক্রিকেট মহলের ধারণা, পিসিবি-র পাঠানো চিঠিতে সম্ভবত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না। কিন্তু এই নিয়ে পাকিস্তান হঠাৎ নাক গলাচ্ছে কেন – তা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে (PCB Supports BCB)।
বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু দোলাচলে মহম্মদ ইউনুস সরকারের। তার প্রভাব পড়েছে খেলার দুনিয়াতেও। আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি ভারতের মাটিতে খেলতে আসা নিয়ে প্রচুর আপত্তি জানিয়েছে বাংলাদেশ। আইসিসি-কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিযোগ, ভারতে খেলতে যেতে নিরাপদ বোধ করছেন না তাঁদের ক্রিকেটাররা। বরং তাঁরা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিয়েছেন। প্রয়োজনে গ্রুপ বদল করার কথাও বলেছে বিসিবি। কিন্তু আইসিসি সেই প্রস্তাব মানবে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ সরাসরি আসরে ঢুকে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB Supports BCB)।
মঙ্গলবারই পিসিবি-র তরফ থেকে আইসিসি-কে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের না আসার সিদ্ধান্তকে তারা সমর্থন করে। সেই চিঠির প্রতিলিপি আবার আইসিসি-র গভর্নিং বোর্ডের সদস্যদেরও পাঠিয়ে দিয়েছে পিসিবি। ওদিকে, ক্রিকেট বিশ্লেষকদের একাংশ বলছে, প্রকাশিত খবর অনুযায়ী টি-২০ বিশ্বকাপ নিয়ে বুধবার আইসিসি একটি সভা আহ্বান করে।
সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে আন্দাজ করে তার আগেই পিসিবি-র এই পদক্ষেপ আসলে জয় শাহ পরিচালিত ক্রিকেট নিয়ামক সংস্থার ওপর চাপ বাড়ানোর কৌশল বলে মনে করা হচ্ছে। তবে এটাও বলা যায়, পিসিবি-র চিঠিতে আইসিসি-র অবস্থান বদলাবে না। আর সেটা সম্ভবত পাকিস্তানও জানে। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়ামহলের একাংশের ধারণা, যেহেতু ইউনুস সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে হৃদ্যতা বেড়েছে বাংলাদেশের। তাছাড়া এশিয়া কাপের সময় থেকে যেভাবে পিসিবি প্রধান মহসিন নকভি পদে পদে অপমানিত হয়েছেন, তাতে তিনিও শোধ তুলতে চাইছেন। এই পরিস্থিতিতে দুই পক্ষরই এখন ভারত বিরোধিতায় একসুর বলে মনে করা হচ্ছে (PCB Supports BCB)।