চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। তবে ঘটনাচক্রে, সেই একই দিনে অন্য একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় ভারতের মুখোমুখি হতে তাদের কোনও আপত্তি নেই। বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অথচ ওই দিনই তাইল্যান্ডে শুরু হতে চলা মহিলাদের রাইজ়িং স্টার্স এশিয়া কাপ প্রতিযোগিতায় ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যে ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলতে আপত্তি নেই পাকিস্তানের।
ইতিমধ্যেই মহিলাদের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপালের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ‘এ’। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এখনও পর্যন্ত পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটারদের কাছে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কোনও নির্দেশ পৌঁছয়নি। ভবিষ্যতেও তেমন কোনও নির্দেশ আসার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে। ফলে নির্ধারিত সূচি মেনেই প্রস্তুতি চালাচ্ছে পাক দল।
উল্লেখ্য, রাইজিং স্টার্স এশিয়া কাপের আয়োজক এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সংস্থার প্রধান মহসিন নকভি, যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। অর্থাৎ, তাঁর নেতৃত্বেই আয়োজিত প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই পাকিস্তানের, যদিও একই দিনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বহাল।প্রসঙ্গত, গত কয়েক মাসে বয়সভিত্তিক ক্রিকেটে একাধিক বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। রাইজ়িং স্টার্স এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (দু’বার) এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে—মোট চার বার দুই দলের লড়াই হয়েছে। যদিও প্রতিবারই ম্যাচের আগে বা পরে ক্রিকেটারেরা হাত মেলাননি, তবু খেলতে পিছপা হয়নি পাকিস্তান। এমনকি পাকিস্তান যখন ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা করে, সেই সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল।