চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ইস্টবেঙ্গলের ডাগআউটে অস্কার ব্রুজোর বিদায়ঘণ্টা বেজে গেল। মরশুমের বাকি যখন মাত্র চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ, আর লিগ টেবিলের সমীকরণে লাল-হলুদ ব্রিগেড যখন খেতাব জয়ের লড়াইয়ে মরিয়া, ঠিক তখনই ক্লাব ছাড়ার কথা সরকারিভাবে জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। অনুশীলনের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণায় কার্যত বোমা ফাটালেন তিনি। জানিয়ে দিলেন, আগামী ৩১ মে ইস্টবেঙ্গলের দায়িত্ব থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়াচ্ছেন তিনি।
গত দেড় বছর ধরে ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকলেও, ট্রফি অধরা থেকেছে। তবে এবার আইএসএলে লাল-হলুদ বাহিনীর পারফরম্যান্স নিয়ে আশায় ছিলেন সমর্থকরা। বর্তমানে ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে থাকা ইস্টবেঙ্গল খেতাব জয়ের দৌড়ে বেশ ভালভাবেই রয়েছে। এমন এক সন্ধিক্ষণে কোচের এই আচমকা বিদায়ের ঘোষণা ক্লাবের অন্দরে রীতিমতো আলোড়ন তৈরি করেছে।
নিজের সিদ্ধান্তের নেপথ্যে ক্ষোভ উগরে অস্কার বলেন, “যা সিদ্ধান্ত নেওয়ার আমি ও টেকনিক্যাল টিম নিয়েছি। এর দায়ভার আমারই। ইস্টবেঙ্গলের সামনে কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, কোনও কাজের দিশা নেই। ভবিষ্যতের স্পষ্ট রোডম্যাপ না থাকায় আমি আর কোচিং চালিয়ে যেতে পারব না। তবে এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে আর্থিক বা অন্য কোনও সমস্যার যোগ নেই।”
কোচের এই সময়ের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠায় অস্কারের সাফ জবাব, “আমি আগেভাগে জানিয়ে দিলাম কারণ, সামনে থাকা ম্যাচগুলোর ফলের ওপর ভিত্তি করে কেউ যেন আমার বিদায় নিয়ে সমালোচনা না করে। যদি ভাল ফল হয়, তাহলেও লোকে কথা বলবে, খারাপ হলেও বলবে। তাই বিতর্ক এড়াতেই এই ঘোষণা।”
ক্লাবের তরফ থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে কোচের সঙ্গে কথা বলবেন। তবে ইমামি কর্তা বিভাস আগরওয়াল খানিকটা ভিন্ন সুরেই ব্যাখ্যা করেছেন। তিনি জানান, “এর নেপথ্যে অন্য কোনও অঙ্ক নেই। পরের বছর আইএসএল-এর কাঠামো নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অস্কার বিদেশি কোচ, তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আগামী দিনে সবকিছু ঠিকঠাক থাকলে আমি হয়তো ওঁকে আবার দায়িত্ব নিতে বলব।”
লিগ জয়ের লড়াইয়ের মাঝপথে দাঁড়িয়ে কোচের এই মানসিক অবসাদ কিংবা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় খামতি, কোনটি অস্কারের বিদায়ের আসল কারণ, তা নিয়ে ময়দানে চর্চা তুঙ্গে। সব মিলিয়ে মরশুমের শেষ লগ্নে ইস্টবেঙ্গলের ডাগআউটে এখন চরম অনিশ্চয়তা।