ad
ad

Breaking News

দাবার বোর্ডে ইতিহাস প্রজ্ঞানন্দর, প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে চেস খেতাব জয়

কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার নরওয়ে চেসে অংশ নেওয়া প্রজ্ঞানন্দর শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি।

norway-chess-praggnanandhaa-first-indian-title-win

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ যা পারেননি, তা-ই এবার করে দেখালেন কুড়ি বছর বয়সি দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। শুক্রবার জার্মানির ভিনসেন্ট কিমারকে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে মর্যাদাপূর্ণ নরওয়ে চেস খেতাব জিতে ইতিহাস গড়লেন চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার। ফাইনাল রাউন্ডের শুরুতে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রজ্ঞা। কিন্তু ঠিক সময়ে জ্বলে উঠে তিনি তাঁর ক্লাসিক্যাল ম্যাচটি জিতে নেন এবং মূল্যবান ৩ পয়েন্ট পকেটে পোরেন। এর ফলে তাঁর মোট পয়েন্ট দাঁড়ায় ১৮, যা তাঁকে এই অভিজাত টুর্নামেন্টের শিরোপা এনে দেয়। ২০১৩ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে কোনও ভারতীয় এই নজির গড়তে পারেননি।

কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার নরওয়ে চেসে অংশ নেওয়া প্রজ্ঞানন্দর শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। প্রতিযোগিতার ছ’জন অভিজাত দাবাড়ুর মধ্যে প্রথম দিকে কিছুটা পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। এই টুর্নামেন্টে তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব হলো— ক্লাসিক্যাল দাবায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তথা সাতবারের নরওয়ে চেস চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে দু-দুবার পরাজিত করা। চলতি বছরের শুরুতে পাফোসে হওয়া ক্যান্ডিডেটস টুর্নামেন্টের হতাশা ভুলে প্রজ্ঞানন্দ যেভাবে কামব্যাক করলেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রতিযোগিতার শেষ দিকে যখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ খেতাবের দৌড় থেকে ছিটকে যান, তখন প্রজ্ঞানন্দই ভারতের লড়াই বাঁচিয়ে রাখেন এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন।

শেষ রাউন্ডের আগে ১৫.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আমেরিকার গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো তাঁর ক্লাসিক্যাল ম্যাচে আলিরেজা ফিরোজার সঙ্গে ড্র করতে বাধ্য হন। ফলে তাঁদের ম্যাচটি আর্মাগেডন টাই-ব্রেকে গড়ায়। এই পরিস্থিতি প্রজ্ঞানন্দর সামনে সুযোগের দরজা খুলে দেয়। তিনি জানতেন যে কিমারকে ক্লাসিক্যাল ম্যাচে হারাতে পারলেই তিনি পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবেন। শেষ পর্যন্ত তা-ই হয়। অন্যদিকে, ওয়েসলি সো আর্মাগেডন টাই-ব্রেক জিতলেও মাত্র ১.৫ পয়েন্ট পান। ফলে মোট ১৭ পয়েন্ট নিয়ে প্রজ্ঞানন্দর থেকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। খেতাবের অন্যতম দাবিদার আলিরেজা ১৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পান।

অন্যদিকে, গুকেশের জন্য এই টুর্নামেন্টটি একেবারেই ভাল যায়নি। চলতি বছরেই চ্যালেঞ্জার জাভোহির সিন্দারভের বিরুদ্ধে নিজের বিশ্বখেতাব ধরে রাখার লড়াইয়ে নামার আগে, এই টুর্নামেন্টে নিজের তৃতীয় উপস্থিতিতে কোনও বড় সাফল্য পেলেন না গুকেশ। শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলা কার্লসেন এই ভারতীয় তারকাকে ক্লাসিক্যাল ম্যাচে হারিয়ে পুরো ৩ পয়েন্ট তুলে নেন। তবে এই জয়ের পরেও নরওয়েজিয়ান তারকা কার্লসেন খেতাবের দৌড়ে আসতে পারেননি এবং মাত্র ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে শেষ করেন।