চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দু’টি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে তারকা ফরোয়ার্ড নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে চোটের কারণে তাঁর চূড়ান্ত দলে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
ব্রাজিলিয়ান সিরি আ লিগে মিরাসলের বিপক্ষে সান্তোসের ম্যাচটি নেইমারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত। কারণ, এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখার কথা ছিল আনচেলত্তির। মূলত খেলোয়াড়দের পারফরম্যান্স কাছ থেকে দেখেই তিনি চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করতে চান। কিন্তু মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় মিরাসলের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না নেইমার। ফলে প্রীতি ম্যাচের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
সান্তোস ক্লাব জানিয়েছে, চোটের কথা জানানোর পরই নেইমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী রবিবার করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের। কিন্তু সমস্যা হল, ওই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন না আনচেলত্তি। তাই কোচের সামনে নিজের ফিটনেস ও পারফরম্যান্স দেখানোর সুযোগ প্রায় হারিয়েই ফেলেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
গত ২৭ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করে আলোচনায় এসেছিলেন নেইমার। পুরো ম্যাচ খেললেও এরপর আর মাঠে নামেননি ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। ব্রাজিলের কোচ আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছেন, পুরোপুরি ফিট না হলে জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন না নেইমার।
উল্লেখ্য, ব্রাজিলের হয়ে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সামনে বিশ্বকাপের আগে নিজের ফিটনেস প্রমাণ করতে এখন সময় খুবই সীমিত তাঁর কাছে।