চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। ক্যালফের চোটের কারণে মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, তিনি দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না এবং নিউ জার্সির প্রশিক্ষণ ঘাঁটিতেই চিকিৎসা চালিয়ে যাবেন। নেইমারকে নিয়ে নেওয়া হয়েছে বিশেষ পুনর্বাসন পরিকল্পনা। তাঁকে ইনটেনসিভ ফিজিওথেরাপির মাধ্যমে দ্রুত সুস্থ করার চেষ্টা চলছে। বিশ্বকাপ শুরুর আগে ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে তাঁর ফিটনেস ফেরানোর পরিকল্পনা করেছে ব্রাজিলের মেডিক্যাল টিম।
প্রায় তিন সপ্তাহ আগে করিতিবার বিপক্ষে ব্রাজিলিয়ান লিগ ম্যাচে খেলতে গিয়ে গ্রেড টু ক্যালফ স্ট্রেনের শিকার হন নেইমার। সেই থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। চোটের কারণে ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই তার অনুপস্থিতি অনুভূত হচ্ছে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে নিয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, টুর্নামেন্টে নেইমার অবশ্যই দলের সঙ্গে থাকবেন। প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি। আনচেলোত্তির মতে, বিশ্বকাপে ব্রাজিলের ২৬ জন সদস্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোচ আরও জানান, নেইমারের সঙ্গে আলাদা করে আলোচনা হয়েছে এবং টুর্নামেন্টে তাঁর কৌশলগত ভূমিকা নির্ধারণ করা হয়েছে। চোট থাকলেও দলের পরিকল্পনায় নেইমার এখনও কেন্দ্রীয় চরিত্র হিসাবেই রয়েছেন।
ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ হবে মিশরের বিরুদ্ধে। এরপর ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ শুরুর আগে নেইমারের ফিটনেস ঘিরে বাড়ছে অপেক্ষা। সমর্থকদের আশা, দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন।