ad
ad

Breaking News

Neeraj Chopra

পরপর ব্যর্থতার জেরে কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীরজ চোপড়া

২০২৪ সালের শেষ দিকে চেক রিপাবলিকের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার ইয়ান জেলেজনিকে কোচ হিসেবে নিয়োগ করেছিলেন নীরজ।

neeraj-chopra-parts-ways-with-coach-jan-zelezny

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কোচ ইয়ান জেলেজনির সঙ্গে পথ আলাদা করলেন নীরজ চোপড়া। দু’জনেই পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একে অপরের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দু’জনেই। নীরজ ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে তিনি কয়েকটি প্রতিযোগিতায় কোচ ছাড়াই নামতে পারেন। এত বছরে বিভিন্ন কোচের কাছ থেকে যা যা শিখেছেন, সেগুলিই নিজে প্রয়োগ করার কথাও জানিয়েছেন ভারতের অলিম্পিক্স সোনাজয়ী।

২০২৪ সালের শেষ দিকে চেক রিপাবলিকের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার ইয়ান জেলেজনিকে কোচ হিসেবে নিয়োগ করেছিলেন নীরজ। খেলোয়াড়জীবনে জেলেজনি ছিলেন অবিশ্বাস্য সফল—১৯৯২, ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে সোনা জিতেছেন তিনি। বিশ্বের সর্বকালের সেরা দশটি জ্যাভলিন থ্রোর মধ্যে পাঁচটি তাঁর দখলে। ১৯৯৬ সালে জার্মানিতে ৯৮.৪৮ মিটার থ্রো করে যে বিশ্বরেকর্ড গড়েছিলেন, তা আজও অক্ষত।

তবে জেলেজনির অধীনে নীরজের সময়টা খুব একটা সাফল্যমণ্ডিত ছিল না। গত বছরের শুরুতে দোহা ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন নীরজ এবং কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের গণ্ডি পেরোন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রুপো। কিন্তু তার পর থেকে ধারাবাহিক সাফল্য ধরা দেয়নি। আর কোনও ডায়মন্ড লিগে সেরা হতে পারেননি তিনি। এমনকী ৯০ মিটারের সেই থ্রোর পর আর কোনও প্রতিযোগিতায় ৮৭ মিটারও ছুঁড়তে পারেননি। শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও খালি হাতেই ফিরতে হয় তাঁকে।

নীরজ নিজের বিবৃতিতে জানিয়েছেন, ছোটবেলা থেকে জেলেজনিকে দেখেই বড় হয়েছেন তিনি। তাঁর অধীনে খেলতে পারা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। জ্যাভলিনের খুঁটিনাটি, নতুন ভাবনা ও টেকনিক শেখানোর জন্য কোচকে কৃতিত্ব দিয়েছেন নীরজ। তিনি লিখেছেন, ইয়ান জেলেজনির সঙ্গে কাজ করে অনেক নতুন জিনিস শিখেছি। টেকনিক, ছন্দ আর নড়াচড়া অনেক উন্নত হয়েছে। আমি সারাজীবন যাঁকে আদর্শ হিসেবে মেনেছি, তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

অন্য দিকে জেলেজনিও নীরজের প্রশংসায় মুখর। তিনি জানিয়েছেন, নীরজের মতো ক্রীড়াবিদের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। ওকে প্রথম বার ৯০ মিটার পেরোতে সাহায্য করতে পেরে আমি গর্বিত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হওয়াটা হতাশাজনক হলেও খুব খারাপ ফল নয়। টোকিয়োর আগে পাওয়া চোট ওকে সমস্যায় ফেলেছিল। ওর মধ্যে আরও ভাল খেলার সম্ভাবনা রয়েছে।বর্তমানে কেরিয়ারের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নীরজ। ব্যক্তিগত জীবনেও এসেছে একাধিক পরিবর্তন। সম্প্রতি স্পনসর বদলে জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ‘ভেল স্পোর্টস’-এর সঙ্গে চুক্তি করেছেন তিনি। এবার কোচের সঙ্গেও বিচ্ছেদ। সব মিলিয়ে নতুন করে শুরু করার দিকেই এগোচ্ছেন ভারতের জ্যাভলিন তারকা।আগামী দিনে কোচ ছাড়াই কিছু প্রতিযোগিতায় নামার ইঙ্গিত দিয়ে নীরজ বুঝিয়ে দিলেন, নিজের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের উপর ভর করেই ফের ছন্দে ফিরতে চান তিনি।