ad
ad

Breaking News

পেনাল্টি মিসের পর রেফারির সঙ্গে উত্তপ্ত মুহূর্ত মেসির, ন্যাশভিলের কাছে বিধ্বস্ত মায়ামি

ম্যাচের শুরু থেকেই ন্যাশভিল ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

nashville-defeats-inter-miami-4-1-as-lionel-messi-misses-penalty

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: শীর্ষ দুই দলের লড়াইয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিল ন্যাশভিল। পেনাল্টি মিস, রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ, হলুদ কার্ড— সব মিলিয়ে মেসির জন্য রাতটা হয়ে থাকল হতাশার। দলের একমাত্র গোলে সহায়তা করলেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ম্যাচের শেষ দিকে আরও অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী হয় গ্যালারি। অতিরিক্ত সময়ে তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের শুরু থেকেই ন্যাশভিল ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৭ মিনিটে অ্যান্ডি নাজারের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর সুযোগ আসে মায়ামির সামনে। ২৩ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মেসির নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফলে ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয় মায়ামির।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মেসির পাস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান ভেনেজুয়েলার তেলাসকো সেগোভিয়া। বিরতির সময় ম্যাচের ফল ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ বদলে যায় ছবিটা। ৪৯ মিনিটে হানি মুখতার গোল করে আবার ন্যাশভিলকে এগিয়ে দেন। এরপর ৫৬ মিনিটে স্যাম সারিজের গোলে ব্যবধান বাড়ে।

৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ করে দেন মুখতার। একের পর এক আক্রমণে মায়ামির রক্ষণকে চাপে ফেলে ন্যাশভিল। বিপরীতে মেসির দল সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচে শুধু পেনাল্টি মিস নয়, ৫৯ মিনিটে হলুদ কার্ডও দেখেন মেসি। রেফারির একটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। হতাশা আরও বাড়ে ম্যাচের শেষ মুহূর্তে, যখন তাঁর শট পরপর দুই পোস্টে লেগে ফিরে আসে। গোলশূন্য থাকলেও সতীর্থের একমাত্র গোলে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিলেন তিনি।

এই হারের ফলে মায়ামির ৭ ম্যাচের অপরাজিত দৌড় থেমে গেল। বিপরীতে ঘরের মাঠে অপরাজিত থাকার ধারাও ধরে রাখল ন্যাশভিল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ হার নিয়ে ৪৩ পয়েন্টে শীর্ষে রয়েছে তারা। মায়ামির পয়েন্ট ৩৮।

মেসির জন্য পেনাল্টি মিসের ঘটনাটিও আলাদা করে আলোচনায়। বিশ্বকাপেও ২ বার পেনাল্টি মিস করেছিলেন তিনি। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি হতাশার রাত। ন্যাশভিলের কাছে বড় হারের সঙ্গে মায়ামির সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও তৈরি হয়েছে।