ad
ad

Breaking News

Mohun Bagan

এগিয়ে গিয়েও খিদিরপুরের সঙ্গে ড্র মেরিনার্সের

মোহনবাগানের হয়ে গোল করেন সন্দীপ মালিক, আর খিদিরপুরের সমতাসূচক গোলটি করেন তুহিন শিকদার

Mohun Bagan Mariners Held 1-1 by Kidderpore Sporting

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে দারুণ শুরু করেছিল মোহনবাগান। কিন্তু দ্বিতীয় ম্যাচে মেহতাব হোসেনের খিদিরপুর স্পোর্টিংয়ের বিরুদ্ধে সেই ছন্দ আর দেখা গেল না। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন শিবিরকে। মোহনবাগানের হয়ে গোল করেন সন্দীপ মালিক, আর খিদিরপুরের সমতাসূচক গোলটি করেন তুহিন শিকদার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম ১০ মিনিটেই একাধিক আক্রমণে মোহনবাগান রক্ষণকে চাপে ফেলে খিদিরপুর। ১৮ মিনিটে কিয়ান নাসিরির ফ্রিকিক দুর্দান্ত দক্ষতায় রুখে দেন খিদিরপুরের গোলরক্ষক অর্ধেন্দু। ২৭ মিনিটে বাঁদিক দিয়ে দারুণ দৌড়ে বক্সে ঢুকে কিয়ান দুই ডিফেন্ডারকে টেনে নিয়ে ফাঁকা জায়গায় বল বাড়ান সন্দীপ মালিকের উদ্দেশে। নিখুঁত ফিনিশে মোহনবাগানকে ১-০ এগিয়ে দেন সন্দীপ। এরপর সায়ন বন্দ্যোপাধ্যায়ের জোরাল শটও দুর্দান্ত সেভ করেন অর্ধেন্দু।

বিরতির পর ৪৬ মিনিটে সায়নের ক্রস থেকে সহজ সুযোগ নষ্ট করেন সুহেল ভাট। পরের মিনিটেই পালটা আক্রমণে তুহিন শিকদারের গোলে ১-১ সমতা ফেরায় খিদিরপুর। এরপর সন্দীপ মালিক, সায়ন বন্দ্যোপাধ্যায়, কিয়ান নাসিরি, সুহেল ভাট ও রবিলাল মাণ্ডির সামনে একাধিক সুযোগ এলেও জয়ের গোল আর আসেনি। বিক্রমজিৎ সিংয়ের গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স এবং খিদিরপুরের শক্ত রক্ষণ শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিশ্চিত করে।

এরই মধ্যে নতুন মরশুমের আগে দল আরও শক্তিশালী করার পথে বড় পদক্ষেপ নিল মোহনবাগান। স্পোর্টিং ক্লাব দিল্লির অধিনায়ক অ্যালেক্স সাজিকে ৩ বছরের চুক্তিতে দলে নিচ্ছে সবুজ-মেরুন। মেডিক্যাল পরীক্ষার পর চুক্তি চূড়ান্ত হবে। কেরল ব্লাস্টার্সের যুব দল, গোকুলাম কেরল, হায়দরাবাদ, নর্থইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৬ বছরের এই ডিফেন্ডারের। ২০২১ সালে এশিয়া অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের জন্য ভারতীয় দলে ডাকও পেয়েছিলেন তিনি। লালিয়ানজুয়ালা ছাংতের পর চলতি দলবদলে অ্যালেক্স সাজিই মোহনবাগানের দ্বিতীয় বড় সংযোজন।