চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠে শুক্রবার দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে সবুজ-মেরুন ব্রিগেড মুখোমুখি হয়েছিল কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের। প্রথম ম্যাচে ছন্দহীন মোহনবাগানকে দেখা গিয়েছিলেন শুক্রবার সেই বাগানই যেন অনেকটা ছন্দবদ্ধ। ডিফেন্স সামলে, দুই প্রান্ত ব্যবহার করে ম্যাচের প্রথম থেকেই আক্রমণে আসার চেষ্টা করেছিল ডেগি কার্ডোজের দল। তবে প্রথম গোলের দেখা পেতে মোহনবাগানকে অপেক্ষা করতে হল ২০ মিনিট পর্যন্ত (Mohun Bagan)।
আরও পড়ুনঃ AI Robots: চাষে বিপ্লব আনতে আসছে রোবট! তেলেঙ্গানায় তৈরি দেশের প্রথম এআই নির্ভর স্মার্ট কৃষি ল্যাব
বাগানের হয়ে এই ম্যাচে প্রথম স্কোরশিটে নাম তুললেন দলনেতা সন্দীপ মালিক। প্রতিপক্ষ দলের তিনজন খেলোয়াড়কে কাটিয়ে করা সন্দীপের গোল অবশ্যই প্রশংসারযোগ্য। এরপর মোহনবাগান এগিয়ে যায় একসময়ে লাল-হলুদের প্রাক্তন ফুটবলার লেনের আত্মঘাতী গোলে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আবারও আক্রমণ শুরু করে সবুজ-মেরুন। ৫১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় তারা। এবার সন্দীপের ঠিকানা লেখা সেন্টার থেকে বাগানের হয়ে স্কোরশিটে নাম তোলেন পাসাং দোরজি। এরপর মোহনবাগান তাদের শেষ গোলটি পায় ম্যাচের ৭৩ মিনিটে। এবার বাগানের হয়ে গোল করেন আদিল আবদুল্লা (Mohun Bagan)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
অপর দিকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনও বেশ কিছু আক্রমণ গড়ে তুলেছিল। কিন্তু বাগান রক্ষণভাগ ও গোলরক্ষক দীপ্রভাত ঘোষ সজাগ থাকায় বিপদ বাড়েনি। এই ডিভিশনের অপর ম্যাচে চুঁচুড়া মাঠে রেলওয়ে এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয় পুলিশ অ্যাথলেটিক ক্লাব। রেল দলের হয়ে দুটি গোল করেন জ্যোতি বর্মন ও নীতীশ কুমার মণ্ডল। অপর দিকে পুলিশ দলের হয়ে একমাত্র গোল করেন সুদীপ কুমার দাস (Mohun Bagan)।