চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টে ভারতের জার্সি গায়ে ঝুড়ি ঝুড়ি উইকেট নিয়েছেন। অথচ আজ প্রশ্ন উঠছে—মহম্মদ শামি আদৌ ভারতের ভোটার তো? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র শুনানিতে তলব করা হল ভারতীয় দলের তারকা পেসারকে। সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল শামিকে। তবে ক্রিকেটীয় ব্যস্ততার কারণে বর্তমানে শহরে নেই তিনি। বিষয়টি পরিবার মারফত নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আপাতত শুনানিতে হাজিরা দিতে পারছেন না শামি, তবে দেশে ফিরে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতার সমাধানে উদ্যোগী হবেন বলে জানানো হয়েছে।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বিজয় হজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে রাজকোটে রয়েছেন শামি। সূত্রের খবর, ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা তাঁর। এরপর বাংলা দল পরবর্তী রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়তে হবে তাঁকে। যদিও নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে শামির কাছে এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার মহম্মদ শামি। এই ওয়ার্ডটি রাসবিহারী বিধানসভার অন্তর্গত। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস শামির এসআইআর সংক্রান্ত বিষয়টি দেখভাল করছেন। তিনি বলেন, কার্জননগরের যে স্কুলে এসআইআরের শুনানি চলছে, তার কাছেই মহম্মদ শামির বাসভবন। তিনি যখন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে ভিন্রাজ্যে খেলতে গিয়েছেন, তখন তাঁর এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতায় তাঁকে সহযোগিতা করাও আমাদের দায়িত্ব। আমরা সব রকম ভাবে প্রস্তুত।কাউন্সিলর আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি শাসকদলের বিএলএ ও বিএলএ-২-রাও শামিকে শুনানিতে সহযোগিতা করবেন।
এদিকে সোমবার একই ওয়ার্ডের আরও দুই হাইপ্রোফাইল বাসিন্দা—অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী লাবনী সরকারকেও এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। দু’জনেই সাউথ সিটি আবাসনের বাসিন্দা বলে জানা গিয়েছে।দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা এক তারকা ক্রিকেটারের ভোটার পরিচয় নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখন এসআইআর ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।