চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: এবার কি এক দলে দেখা যাবে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? ফুটবলমহলে জোর চর্চা শুরু হয়েছে এই সম্ভাবনাকে ঘিরে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। সূত্রের খবর, পর্তুগিজ তারকা রোনাল্ডো আল নাসের ছাড়লে তাঁকে দলে নিতে আগ্রহী মেসির ক্লাব।
একই দলে এই দুই কিংবদন্তিকে পাওয়া গেলে লিগের জনপ্রিয়তা আরও কয়েকগুণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে, ক্লাবের পরিস্থিতি নিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। রোনাল্ডোর অভিযোগ, সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলির পিছনে যে পরিমাণ অর্থ ব্যয় করছে, তার তুলনায় অনেক কম বিনিয়োগ করা হচ্ছে আল নাসেরে। ফলে দল শক্তিশালী করা কঠিন হয়ে পড়ছে এবং ট্রফি জয়ের লড়াইয়ে পিছিয়ে পড়ছে তারা।
কয়েক মাস আগে আল নাসেরের কর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়া এবং ক্লাবের বাজেট কমানোর ঘটনাতেও নাকি বিরক্তি প্রকাশ করেছিলেন রোনাল্ডো। পরবর্তীতে নতুন ফুটবলার সই করানোর অর্থও কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদে ইতিমধ্যেই একটি ম্যাচ বয়কট করেছেন তিনি, পরের ম্যাচেও না-খেলার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির উন্নতি না হলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ক্লাব ছাড়তে পারেন।রোনাল্ডো নাকি আবার ইউরোপে ফেরার কথাও ভাবছেন। তবে বড় চমক দিতে পারে এমএলএস। ইন্টার মায়ামি ছাড়াও তাঁকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে এলএএফসি। শেষ পর্যন্ত যদি মায়ামিই রোনাল্ডোকে পায়, তাহলে কেরিয়ারের শেষ পর্বে প্রথমবার একই জার্সিতে দেখা যেতে পারে মেসি ও রোনাল্ডোকে—যা নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত হয়ে উঠবে।