ad
ad

Breaking News

KKR

সমস্যার শেষ নেই নাইটদের, পাথিরানাকে ছাড়পত্র দিল না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

প্রথমে মনে করা হয়েছিল, এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি যোগ দিতে পারেন।

matheesha-pathirana-kkr-injury-update-slc-noc-delay

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি। প্রথম দুই ম্যাচে হার, তৃতীয় ম্যাচে বৃষ্টির সৌজন্যে কোনোমতে পয়েন্টের খাতা খোলা— এই অবস্থায় আরও বড় ধাক্কা খেল নাইট শিবির। দলের দুর্বল বোলিং বিভাগকে কিছুটা শক্তি দিতে পারতেন মাথিশা পাথিরানা, কিন্তু আপাতত তাঁর পথেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

১৮ কোটির এই পেসার এখনও দেশের বোর্ডের ছাড়পত্র পাননি। ফলে কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিশ্বকাপ চলাকালীন চোট পাওয়ার পর থেকেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় চুক্তির বেশ কয়েকজন ক্রিকেটার এখনও বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি বা পাস করতে পারেননি। সেই তালিকায় রয়েছেন পাথিরানাও।

প্রথমে মনে করা হয়েছিল, এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি যোগ দিতে পারেন। কিন্তু এখন পরিস্থিতি অনিশ্চিত। আগামী সপ্তাহে আবার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। সেখানে উত্তীর্ণ হলেই মিলবে খেলার ছাড়পত্র। সব কিছু ঠিকঠাক চললে মাসের শেষ দিকে তাঁকে দেখা যেতে পারে নাইট শিবিরে। ইতিমধ্যে অবশ্য তিনি বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন, যা কিছুটা আশার আলো দেখাচ্ছে।

তবে সমস্যার এখানেই ইতি নয়। শ্রীলঙ্কার আরেক পেসার নুয়ান থুসারা নিজেকে ফিট বললেও বোর্ড তাঁকে খেলতে দিতে চাইছে না। এই নিয়ে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপও নিয়েছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, পাথিরানার ক্ষেত্রেও কি এমন জটিলতা তৈরি হবে?

এদিকে নাইটদের পেস আক্রমণ ইতিমধ্যেই চাপে। দলে নেই হর্ষিত রানা ও আকাশ দীপ। ফলে ভরসা রাখতে হচ্ছে তুলনামূলক অনভিজ্ঞ বোলারদের ওপর। এই পরিস্থিতিতে পাথিরানার অনুপস্থিতি দলকে আরও দুর্বল করে দিচ্ছে। সামনে কঠিন লড়াই, আর সেই লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেয়ে বসে রয়েছে নাইট রাইডার্স।