ad
ad

Breaking News

Virat Kohli And Rohit Sharma

২৬-এ হাতেগোনা কয়েক ম্যাচেই একসঙ্গে খেলবেন রোহিত-বিরাট! বাইশ গজে কি এবার কম দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

এরপর টি–২০ বিশ্বকাপ চলাকালীন তাঁরা মাঠের বাইরেই থাকবেন, কারণ ওই ফরম্যাটে দু’জনেই আর খেলছেন না।

kohli-and-rohit-2026-limited-odis-few-matches

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: টি–২০ এবং টেস্ট—দুই ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন তাঁরা। এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলছেন ভারতীয় দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু সমস্যাটা হল, বর্তমান আন্তর্জাতিক ক্যালেন্ডারে ওয়ানডে ম্যাচের সংখ্যা ক্রমশ কমছে। ফলে ২০২৬ সালে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁদের মাঠে নামতে দেখবেন খুব অল্প কয়েকটি ম্যাচেই।হিসাব বলছে, অবসর না নিলে, চোট না পেলে বা দল থেকে বাদ না পড়লে ২০২৬ সালে সর্বাধিক ২৯টি ম্যাচ খেলতে পারেন কোহলি ও রোহিত। এর মধ্যে জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ ১৫টি এবং আইপিএলে অন্তত ১৪টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে খেলেছেন এই দুই তারকা। আগামী ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের তাঁদের মাঠে নামতে দেখা যাবে। এরপর টি–২০ বিশ্বকাপ চলাকালীন তাঁরা মাঠের বাইরেই থাকবেন, কারণ ওই ফরম্যাটে দু’জনেই আর খেলছেন না।মার্চ মাস থেকে শুরু হবে আইপিএল। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিরাট কোহলির অন্তত ১৪টি ম্যাচ খেলার কথা। দল যদি নকআউটে ওঠে, তা হলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।জাতীয় দলের জার্সিতে ফের তাঁদের দেখা যাবে জুন মাসে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়েও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর বছর শেষে ঘরের মাঠে আরও দুটি সিরিজ খেলবে ভারত—ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যেখানে তিনটি করে ওয়ানডে ম্যাচ রয়েছে।সব মিলিয়ে ২০২৬ সালে ভারতের মোট ১৫টি ওয়ানডে ম্যাচ নির্ধারিত রয়েছে। অর্থাৎ জাতীয় দলের হয়ে ১৫ বারই মাঠে নামতে পারেন কোহলি ও রোহিত। এর বাইরে আইপিএল নকআউট বা ঘরোয়া ক্রিকেটে (যেমন বিজয় হাজারে) খেললে ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখযোগ্য বিষয়, বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা কার্যত বাধ্যতামূলক করায় রোহিত–কোহলিকেও সেখানে নামতে হতে পারে।

ফর্মের দিক থেকে অবশ্য কোনও প্রশ্নচিহ্ন নেই। ২০২৫ সালে ওয়ানডে ফরম্যাটে দু’জনেই ছিলেন দুর্দান্ত ছন্দে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের ব্যাটে ধ্বংসাত্মক পারফরম্যান্সের পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নজরকাড়া ইনিংস খেলেছেন তাঁরা।সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট—২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখেই ধাপে ধাপে এগোচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ম্যাচ সংখ্যা কম হলেও, যত দিন খেলবেন, তত দিন ভারতীয় ক্রিকেটের কেন্দ্রবিন্দুতেই থাকবেন এই দুই মহারথী।